কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের প্রধান কোচের
দায়িত্বে দেখা যাবে না তিতেকে। এরপর নেইমার-ভিনিসিয়ুসদের
নতুন কোচ কে হবেন তার সন্ধানে এরই মধ্যে নেমে পড়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফোডারেশন
(সিবিএফ)। গুঞ্জন উঠেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির
কোচ পেপ গার্দিওলাকে নাকি ইতোমধ্যে নেইমারদের গুরু হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে এবং
প্রস্তাবে রাজি করানোর কাছাকাছি পৌঁছে গেছে সেলসাওরা।
কিছু দিন আগে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো
ইস্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, কাতার
বিশ্বকাপের পরেই ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন তিতে।
মার্চের শেষে এডনাল্ডো রদ্রিগেজ সিবিএফের সভাপতি
হওয়ার পর বলেছেন, তিতের স্থলাভিষিক্ত হিসেবে গার্দিওলাকে প্রধান
প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিবিএফ সদস্যরাও গার্দিওলাকে কোচ হিসেবে দেখার
ব্যাপারে একমত হয়েছেন।
স্প্যানিশ এই কোচের ভাই ও এজেন্ট হিসেবে কাজ করা
পেরে গার্দিওলার কাছে সিবিএফ একটি প্রস্তাবনা পাঠিয়েছে। যেখানে বলা হয়েছে,
চার বছরের চুক্তিতে তথা ২০২৬ পর্যন্ত গার্দিওলাকে তারা ব্রাজিলের কোচ হিসেবে
ভেড়াতে চাচ্ছেন।
মার্কার প্রতিবেদনে বলা হয়েছে,
যদি চুক্তিপত্রে স্বাক্ষর করেন গার্দিওলা, তাহলে ট্যাক্স
পরিশোধ করার পরও বছরে প্রায় ১২ মিলিয়ন ইউরো বেতন পাবেন তিনি। সেটি অবশ্য
ম্যানচেস্টার সিটির চেয়ে কম বেতন। ম্যানসিটি গার্দিওলাকে দিচ্ছে বছরে ২০ মিলিয়ন
ইউরো।
সিবিএফ সদস্যরা গার্দিলাকে কোচ হিসেবে পেতে খুব আশাবাদী। ম্যানসিটির সঙ্গে
২০২৩ পর্যন্ত কাতালান কোচের চুক্তি। যদি এরপর নতুন চুক্তি না হয় তবে ব্রাজিলের কোচ
হিসেবে দেখা যেতে পারে গার্দিওলাকে। মার্কা










