আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে সহজেই ২-০তে হারালেও টি-টোয়েন্টি সিরিজে পরীক্ষার মুখে পড়ে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম ম্যাচেই স্বাগতিকদের হারিয়ে দেয় ইউরোপের দেশটি। তাতে জমে ওঠে সিরিজ। টাইগাররা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনলে শেষ ম্যাচটি রূপ নেয় ‘ফাইনালে’। আজ সাগরিকায় বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ।
প্রথম ম্যাচে ১৮১ রানের ভালো সংগ্রহ গড়ে বাংলাদেশকে ৩৯ রানে হারিয়ে দেয় আয়ারল্যান্ড। পরের ম্যাচে ১৭০ রানের ভালো সংগ্রহ করে বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয় আইরিশরা। যদিও অধিনায়ক লিটনের ফিফটি ৪ উইকেটের জয় এনে দেয় বাংলাদেশকে। সিরিজে আসে ১-১ সমতা।
আজ মাঠে নামার আগে সিরিজ জয়ে চোখ বাংলাদেশের। সেই সঙ্গে চোখ টি-টোয়েন্টি বিশ্বকাপেও, যা শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। বিশ্বকাপের বাকি দুই মাস। তবে এত আগেই অত পরের বিষয় নিয়ে দুশ্চিন্তা করতে রাজি নন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট। গতকাল চট্টগ্রামে সংবাদ সম্মেলনে টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট বলেন, ‘দেখুন, আমার মনে হয়, নিজেদের কাজ জটিল করে তোলার কোনো প্রয়োজন আমাদের নেই। স্রেফ ভালো ক্রিকেট খেলতে হবে এবং জিততে হবে।’










