আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে
দল ঘোষণার পরদিন আজ রোববার পূর্ণশক্তির টি২০ দলও দিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি)। ১৫ জনের এই দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তিনি আঙুলের চোটের কারণে
সদ্য সমাপ্ত একমাত্র টেস্ট খেলেননি। তবে সীমিত ওভারের দুটি সিরিজই খেলবেন চৌকস
অলরাউন্ডার।
আগামী ১৪ ও ১৬ জুলাই সিলেটে
দুটি টি২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। তার আগে চট্টগ্রাম তিন
ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
গত মার্চে চট্টগ্রামে
আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলে বাংলাদেশ, যাতে ২-১ ব্যবধানে
জয়লাভ করে সাকিবের দল। ওই সিরিজের দলটা প্রায় অপরিবর্তিত রাখলেন নির্বাচনকরা। রনি
তালুকদার আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়লেও টি২০তে জায়গা
ধরে রাখলেন। টি২০ দলে ফিরেছেন ব্যাটার আফিফ হোসেন ও পেসার এবাদত হোসেন। তবে কোনো
ম্যাচ না খেলেই বাদ পড়েন জাকের আলী অনিক।
বাংলাদেশ
টি২০ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল
হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ,
মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ
হোসেন ও আফিফ হোসেন।










