র্যাংকিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা ইউরোপের দেশ আজারবাইজানের সঙ্গে দুর্দান্ত লড়াই করে শেষ মুহূর্তে গোল খেয়ে ১-২-এ হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এ জয়ে তিন জাতির সিরিজে চ্যাম্পিয়ন হলো আজারবাইজান।
গতকাল ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকায় ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ১৯ মিনিটেই আজারবাইজানের কাছে আগে গোল খেয়ে বসে বাংলাদেশ। ক্রস থেকে শক্তিশালী হেডে গোল করেন আজারবাইজানের অধিনায়ক জাফরজাদা সেভিঞ্জ। ৩৪ মিনিটে মিডফিল্ডার মারিয়া মান্দার অনবদ্য এক গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ১-১ গোলের সমতা নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় দুই দল। এরপর ৮৪ মিনিটে গোল হজম করে বসে স্বাগতিকরা। ক্রস থেকে গোল করেন আনিয়া ইসরা। গোলটি ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
০-১ গোলে পিছিয়ে পড়ে আফঈদারা যখন দুশ্চিন্তায় নিমজ্জিত, তখনই স্বাগতিকদের উজ্জীবিত করার মতো একটি গোল এনে দেন মারিয়া। স্বপ্না রানীর নেয়া কর্নারের বল ঘুরে বক্সের বাইরে চলে যায় মারিয়ার কাছে। তিনি ক্ষিপ্রতার সঙ্গে বাম পায়ের বাঁকানো শটে ওপরের বাম কোনা দিয়ে বল আজারবাইজানের জালে জড়িয়েছেন। অতিথি দলের গোলকিপার শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছেন, বলের নাগাল আর পাওয়া হয়নি। এ গোলে উচ্ছ্বাসে ভেসেছেন যায় স্বাগতিক দলের মেয়েরা। যদিও ড্র করা কিংবা জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়া হলো না ঋতুপর্ণা, মনিকাদের।
এ জয়ে তিন জাতির এ সিরিজে শিরোপা জিতে নিল আজারবাইজান। এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ২-০ গোলে হারায় তারা। আর বাংলাদেশ ০-১ গোলে হেরেছে মালয়েশিয়ার কাছে।
আগামী বছর অস্ট্রেলিয়ায় বসছে পরবর্তী নারী এশিয়া কাপ আসর। তারই প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলাদেশের মেয়েরা। দুটি প্রতিপক্ষই র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। আজারবাইজান ৭৪ ও মালয়েশিয়া ৯২ আর বাংলাদেশ রয়েছে ১০৪ নম্বরে।










