সাফ নারী চ্যাম্পিয়নশিপে আগামীকাল শুক্রবার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১টা ১৫ মিনিটে। কাল আরেক সেমিফাইনালে স্বাগতিক নেপাল খেলবে পাঁচবারের সাফ চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বিকাল ৫টা ৪৫ মিনিটে।

 

সেমিফাইনালে নেপালকে এড়াতে চেয়ে সফল বাংলাদেশ। এজন্য গ্রুপের শেষ ম্যাচে ভারতকে হারানোর প্রয়োজন ছিল, সাবিনা খাতুনরা শক্তিশালী ভারতকে ৩-০ গোলে হারিয়ে লক্ষ্যপূরণ করেছেন। এখন সামনে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ভুটান।

 

পরিসংখ্যানই বাংলাদেশের সামনে ভুটানকে সহজ প্রতিপক্ষ বানিয়েছে। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গত পাঁচ আসরে ভুটানের রেকর্ড খুবই দুর্বল। প্রতিপক্ষের জালে মাত্র তিনবার গোল দিতে পেরেছে দলটি।


 

অবশ্য এবার ভুটান খানিকটা পাল্টে গেছে। তারা ‘বি’ গ্রুপে খেলেছে শ্রীলংকা ও নেপালের সঙ্গে। এই তিন দলের মধ্য থেকে সেমিফাইনালে নেপালের সঙ্গী হয়েছে ভুটানও। এমনকি গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে তারা দিয়েছে ৫ গোল, বিপরীতে একটিও হজম করেনি। এর আগে কখনই কোনো প্রতিপক্ষকে এক ম্যাচে ৫ গোল দিতে পারেনি ছোট্ট এই দেশের মেয়েরা। এমনকি কোনো আন্তর্জাতিক ম্যাচও জেতেনি ভুটান! সঙ্গতকারণেই এটাই তাদের প্রথম সাফ সেমিফাইনাল। ভুটানকে বদলে দেয়ার নেপথ্য কারিগর ৩৭ বছর বয়সী কোচ কিউং সুক হং, যিনি দক্ষিণ কোরিয়ার হয়ে বিশ্বকাপ খেলেছেন।

 

ভুটানিজরা ভালো করলেও বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো সামর্থ্য অর্জন করতে পেরেছে কিনা, তা কালই বোঝা যাবে। গ্রুপ পর্বের তিন ম্যাচে দাপটে জিতে এবার শিরোপার ফেভারিট হয়ে উঠেছ গোলাম রব্বানী ছোটনের দল। গ্রুপ পর্বে মালদ্বীপকে ৩-০ গোলে, পাকিস্তানকে ৬-০ গোলে ও ভারতকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজরা।

 

বর্তমান ফর্ম আর রেকর্ডে এগিয়ে থাকলেও বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন ভুটানের কোচ হং। আজ অনুশীলনের ফাঁকে বাংলাদেশি সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমরা জানি বাংলাদেশ এবারের আসরে কেমন খেলছে। ওদের প্রতিটি ম্যাচই আমরা দেখেছি। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল বাংলাদেশ। তবে আমরাও তাদের সঙ্গে খেলতে প্রস্তুত।

 

সাফে আগের পাঁচ আসরে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাংলাদেশের সেরা অর্জন ২০১৬ সালের শিলিগুঁড়ি আসরে হওয়া রানার্সআপ ট্রফি জয়। এবার শিরোপা জিততে মরিয়া সাবিনা-মারিয়ারা।