ফুটবল তারকা লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য বরখাস্ত করেছে তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বিনা অনুমতিতে সৌদি আরব ভ্রমণ করায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। তাকে জরিমানাও করেছে দলটি। খবর বিবিসি।

নিষেধাজ্ঞার কারণে টোরিয়েস ও আজাক্কোর বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না মেসি।

গত ৩০ এপ্রিল নিজেদের মাঠেই লরিয়েনের কাছে পিএসজির পরাজয়ের পর সৌদি আরবে গিয়েছিলেন মেসি।

সাময়িক বরখাস্ত থাকার সময় পিএসজির হয়ে প্রশিক্ষণ বা খেলতে পারবেন না আর্জেন্টাইন ক্যাপ্টেন।

তবে বোঝা যাচ্ছে, ৩৫ বছর বয়সী এই ফুটবল তারকা বাণিজ্যিক কাজেই সৌদি আরবে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন, কিন্তু সেটি নাকচ করা হয়।

বিশ্বকাপ বিজয়ী এই ফুটবল তারকার সঙ্গে পিএসজির দুই বছরের চুক্তি রয়েছে, যা এই গ্রীষ্মেই শেষ হয়ে যাবে।

বার্সেলোনার ভাইস-প্রেসিডেন্ট রাফায়েল ইয়োস্তে গত মার্চ মাসে দাবি করেছিলেন যে, পুনরায় এই ক্লাবে ফিরে আসার ব্যাপারে মেসির সঙ্গে তাদের কথা হচ্ছে।

পিএসজিতে যাওয়ার পর ৭১টি ম্যাচে ৩১টি গোল করেছেন মেসি এবং ৩৪টি গোল দিতে সহায়তা করেছেন। গত মৌসুমে লিগ ওয়ান শিরোপাও জয় করেছিলেন।

গত ডিসেম্বরে বিশ্বকাপ শিরোপা জয়ে আর্জেন্টাইন দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিওনেল মেসি।

এ দিকে ক্রীড়া সাংবাদিক সিমন স্টোন বলছেন, পিএসজিতে মেসির ক্যারিয়ার শেষ হতে চলেছে। এটা পরিষ্কার যে, তারা আর মেসির চুক্তি নবায়ন করতে চায় না।

বরখাস্তের সময় শেষ হওয়ার পরে আরো তিনটি ম্যাচ থাকছে মেসির সামনে। কিন্তু এটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে যে, পিএসজি তাদের সেই ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে মেসিকে আর রাখতে চাইছে না।

মেসির ওপর দেয়া এই শাস্তিতে অস্বাভাবিক কিছু বলে মনে করে না পিএসজি। কারণ দলটি মনে করে, তারা নিজেদের ক্লাবের একজন কর্মীকে শাস্তি দিচ্ছে, যার তখন কর্মস্থলে থাকার কথা, কিন্তু তিনি বহুদূর চলে গিয়েছেন।

বর্তমানে সৌদি আরবের পর্যটন দূত হিসাবে কাজ করছেন লিওনেল মেসি। সেই চুক্তির আওতায় দায়িত্ব পালনের জন্যই তিনি সৌদি আরবে গিয়েছিলেন।