চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন কঠিনই। তাই অক্টোবর মাসে অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও অনিশ্চিত হয়ে পড়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাই বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতকে এই আসরটি আয়োজন করার প্রস্তাব দেয়। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেক্রেটারি জয় শা এই প্রস্তাবে ‘না’ বলে দিয়েছেন।

 

বিকল্প হিসেবে এখন সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলংকা রয়েছে। এ ব্যাপারে ২০ আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। আগামী ৩ থেকে ২০ অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বিশ্বকাপ আসরটি।

 

টাইমস অব ইন্ডিয়াকে জয় শাহ বলেছেন, ‘তারা (আইসিসি) জানতে চেয়েছে, আমরা বিশ্বকাপটি আয়োজন করতে পারি কিনা। আমি তাদের স্পষ্টভাবেই না বলে দিয়েছি। সামনেই বর্ষা মৌসুম, তাছাড়া আমরা আগামী বছর নারীদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করব। কাজেই টানা দুই বছর বিশ্বকাপ আয়োজন নিয়ে আমি তাদের কোনো কথা দিতে পারি না।’

 

চলতি সপ্তাহে আইসিসির এক মুখপাত্র জানান, তারা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বিকল্প আয়োজক তৈরি রাখতে চান। এক বিবৃতিতে আইসিসি বলেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে নিবিড়ভাবে বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে আইসিসি। আমাদের নিরাপত্তা পরামর্শক ও তাদের নিরাপত্তা সংস্থাগুলো সাহায্য করছে। আমাদের কাছে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুরক্ষা অগ্রাধিকার পাবে।’

 

বাংলাদেশ দল বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে। রাওয়ালপিন্ডি ও করাচিতে দুটি টেস্ট খেলবে তারা। এরপর দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে ভারত সফরে যাবে নাজমুল হোসেন শান্তর দল। টাইগারদের ওই সফর নিয়ে জয় শাহ বলেন, ‘বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে আমাদের কথা হয়নি। সেখানে একটি নতুন সরকার দায়িত্ব নিয়েছে। তারা হয়তো আমাদের সঙ্গে এ নিয়ে কথা বলবে, কিংবা আমরাও বলতে পারি। বাংলাদেশ সিরিজটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’