সাফ অনূর্ধ্ব-১৯ নারী
ফুটবল চ্যাম্পিয়নশিপে সম্প্রতি ভারতের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই স্মৃতি
টাটকা থাকতেই আরেকটি সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেছে বাংলাদেশের কিশোরীরা। নেপালে চলছে
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ আসর। এই আসরে আজ শনিবার নিজেদের প্রথম ম্যাচে প্রথম
ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।
ললিতপুরের এএনএফএ কমপ্লেক্সে
অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে জিতিয়েছেন সুরভী আকন্দ প্রীতি। তিনি করেন জোড়া গোল। ম্যাচের
২৪ মিনিটে প্রথম ও ৩১ মিনিটে দ্বিতীয় গোল করেন সুরভী। স্বাগতিক দলের মেয়েরা লক্ষ্যভেদ
করতে পারেনি।
এবারের সাফ অনূর্ধ্ব-১৬
নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে চারটি দল। স্বাগতিক নেপাল ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছে
ভারত, বাংলাদেশ ও ভুটান। রাউন্ড রবিন লিগ শেষে টেবিলের শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে।
আগামী ১০ মার্চ প্রতিযোগিতার ফাইনাল।
গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত
অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে অতিথি দল হিসেবে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাশিয়া।
পাঁচ দলের আসরে চার ম্যাচ জিতে শিরোপা জয় করে রাশিয়ার মেয়েরা।
এবার নেপালে বসেছে অনূর্ধ্ব-১৬
আসর। ৫ মার্চ মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
ভারত ১ মার্চ প্রথম ম্যাচে ভুটানকে গুঁড়িয়ে দেয় ৭-০ গোলে।










