দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। কলম্বোয় পাকিস্তান ৩ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে, আর কলকাতায় স্কটল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ডাচদের বিপক্ষে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের জয়টা সহজে আসেনি। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচে ডাচদের কাছে হারতে বসেছিল তারা। শেষ ১২ বলে তাদের প্রয়োজন ছিল ২৯ রানের। এ সময় ফাহিম আশরাফের বীরত্বে জয় তুলে নিতে সমর্থ হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয়ে শুভসূচনা পেয়েছে সালমান আগার দল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৪৭ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। ডাচরা দেড়শ রানের সম্ভাবনা জাগালেও শেষ দুই বলে টানা উইকেট হারিয়ে ১৪৭ রানে গুটিয়ে যায়। স্কট এডওয়ার্ডস ৩৭, বাস ডি লিডি ৩০, মাইকেল লেভিট ২৪ ও কলিন অ্যাকারম্যান ২০ রান করেন। পাকিস্তানের সালমান মির্জা ২৪ রানে ৩ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুব ও আবরার আহমেদ প্রত্যেকেই নেন ২টি করে উইকেট।

28

রান তাড়া করতে নেমে ২ উইকেটে ৯৮ রান তুলে ফেললেও একটি পর্যায়ে ১১৫ রানে ৭ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। পল ফন মিকিরেন এক ওভারে নেন ২ উইকেট। দলীয় ১১৪ রানে আবারো পরপর দুই বলে ২ উইকেট হারায় পাকিস্তান। ১৬তম ওভারের শেষ বলে মোহাম্মদ নওয়াজকে ফেরান কাইল ক্লেইন, ১৭তম ওভারের প্রথম বলে শাদাব খান শিকার হন লোগান ফক বিকের।

শেষ ১৮ বলে ৩৩ রানের প্রয়োজন পড়ে পাকিস্তানের, হাতে ৩ উইকেট। ১৮তম ওভারে মাত্র ৪ রান যোগ হলে সমীকরণ নেমে আসে ১২ বলে ২৯। ফন বিকের করা ১৯তম ওভারে তিন ছক্কা ও এক বাউন্ডারিতে ২৪ রান তুলে নিয়ে ফাহিম আশরাফই স্বস্তি আনেন পাকিস্তানের ড্রেসিংরুমে। এরপর শেষ ওভারে তিন বলেই আসে প্রয়োজনীয় ৫ রান। ৩ বল হাতে রেখে ৩ উইকেটের স্নায়ুক্ষয়ী জয় পায় পাকিস্তান।

সাহিবজাদা ফারহান ৩১ বলে ৪৭, সাইম আইয়ুব ১৩ বলে ২৪, ফাহিম ১১ বলে ২৯ রান করেন। মিকিরেন ও আরিয়ান দত্ত উভয়ই নেন দুটি করে উইকেট।

এদিকে বাংলাদেশের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া স্কটল্যান্ড গতকাল কলকাতার ইডেন গার্ডেনসে চোখ রাঙাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজকে। যদিও দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা কোনো অঘটনের শিকার হয়নি। রোমারিও শেফার্ড হ্যাটট্রিক করে দারুণ এক জয় এনে দেন ওয়েস্ট ইন্ডিজকে। তাদের ১৮২ রানের জবাবে স্কটিশরা ১৪৭ রানে গুটিয়ে গেছে। ৩৫ রানের এ জয়ে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করে ক্যারিবীয়রা।

৩৭ রানে ৩ উইকেট পতনের পর অধিনায়ক রিচি বেরিংটন (৪২ রান) ও টম ব্রুসের (৩৫ রান) ৪৭ বলে ৭৮ রানের দারুণ এক জুটি স্কটল্যান্ডের জয়ের আশা জাগায়। যদিও ৭ রানের ব্যবধানে এ দুজনের বিদায়ের পর দলটির জয়ের আশা নিরাশায় রূপ নিতে সময় লাগেনি। ২৪ বলে ৫১ রানের প্রয়োজন ছিল স্কটল্যান্ডের। ১৭তম ওভারের তৃতীয় বলে ম্যাথিউ ক্রসকে, তৃতীয় বলে মাইকেল লিয়াস্ককে ও চতুর্থ বলে ওলিভার ডেভিডসনকে সাজঘরে ফিরিয়েছেন শেফার্ড। ২০ রানে ৫ উইকেট নেন শেফার্ড, জেসন হোল্ডার ৩০ রানে নেন ৩ উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে শ্লথগতির সূচনার পর ৫ উইকেটে ১৮২ রানের পুঁজি গড়ে ক্যারিবীয়রা। শিমরন হেটমায়ের ৩৬ বলে ৬৪ রান করেন। ব্র্যান্ডন কিং ৩০ বলে ৩৫, শেরফান রাদারফোর্ড ১৩ বলে ২৬ ও রভম্যান পাওয়েল ১৪ বলে ২৪ রান করেন। ব্র্যাড কারি ২৩ রানে ২ উইকেট নেন।

২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডসের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মতো দুই পরাশক্তির সঙ্গে খেলছে স্কটল্যান্ড, নেপাল ও নবাগত ইতালি। ১০ ফেব্রুয়ারি কলম্বোয় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পাকিস্তান, পরদিন কলকাতায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।