মানসিক স্বাস্থ্যজনিত কারণে ২০২১ সালের টোকিও অলিম্পিকে একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জয়ের পর সরে দাঁড়ান সিমোন বাইলস। ২০১৬ সালের রিও অলিম্পিকে চারটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়া এই জিমন্যাস্ট আবার ফিরেছেন প্যারিস অলিম্পিক দিয়ে। আজ রোববার (২৮ জুলাই) প্রথমবারের মতো তিনি খেলতে নামেন প্যারিসে। যুক্তরাষ্ট্রের তো বটেই, ইতিহাসেরই সবচেয়ে সফল এই জিমন্যাস্টের প্রদর্শনী দেখতে আজ প্যারিসের বার্কি অ্যারেনায় বসেছিল তারার মেলা।

 

তারকাখচিত গ্যালারিতে ছিলেন হলিউড তারকা টম ক্রুজ, অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন, স্নুপ ডগ, গ্রেটা গারউইগ, আরিয়ানা গ্র্যান্ডে, নিসথিয়া আরিভো, জন লিজেন্ড, ক্রিসি টেইগেন, নিক জোনাস ও আনা উইনট্যুরের মতো সিনে ও নানা অঙ্গনের তারকারা বাইলসের খেলা দেখেছেন।

 

স্নুপ ডগ তো রীতিমতো নাচছিলেন। আর টম ক্রুজকে ঘিরে রেখেছিল ভক্তরা। তিনি খেলা দেখার আগে ও পরে অটোগ্রাফ দিতে ব্যস্ত সময় পার করেন।

 

সতীর্থ জর্ডান চাইলস, হেজলি রিভেরা, সুনিসা লি ও জেড ক্যারিকে নিয়ে টিম কোয়ালিফাইংয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭ বছর বয়সী বাইলস। তিনি মোটেও হতাশ করেননি হলিউড তারকাদের। দারুণভাবে অলিম্পিকে ফিরলেন তিনি। তার ঝলমলে পারফরম্যান্স মুগ্ধ করে দর্শককে।

 

জিমন্যাস্ট সিমোন বাইলস। ছবি: এপি


টোকিওর ঘটনার পর অনেকে ভেবেছিলেন, আর হয়তো ফিরবেন না বাইলস। যদিও মাঝের সময়টাতে তিনি অনেক বৈশ্বিক শিরোপা জয় করেন। এমনকি এই সময় তিনি নতুন নতুন টেকনিক শিখে নিজেকে শাণিত করেছেন। অনুশীলনেও আলো কাড়েন। বার্কি অ্যারেনায় তিনি প্রবেশ করার সময় তুমুল করতালিতে তাকে অভিনন্দন জানানো হয়। কেন, সেটি কিছুক্ষণ পরই সবাই উপলব্ধি করতে পেরেছে। তিনি অবিশ্বাস্য পারফরম্যান্সে সবাইকে তাক লাগিয়ে দেন।