দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি নারী টি২০ বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতেই দেশে ফিরছে বাংলাদেশ দল। গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে কেপ টাউনে নিজেদের শেষ ম্যাচে নিগার সুলতানার দল ১০ উইকেটে হেরেছে স্বাগতিকদের কাছে। বাংলাদেশকে হারিয়ে প্রোটিয়ারা উঠেছে সেমিফাইনালে। তারা শুধু রান রেটে পেছনে ফেলে নিউজল্যান্ড ও শ্রীলঙ্কাকে।

‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কাছে হারের পর শেষ ম্যাচে স্বাগতিক দেশের কাছে স্রেফ উড়ে যায় নিগারের দল।

বাংলাদেশ ৬ উইকেটে ১১৩ রান তুললে মাত্র ১৭.৫ ওভারেই সেই রান টপকে যায় সুনে লুজের দল। লরা উলভার্ট ৫৬ বলে ৬৬ রান ও তাজমিন ব্রিটস ৫১ বলে ৫০ রান করেন।

এটা বাংলাদেশের নারীদের পঞ্চম টি২০ বিশ্বকাপ। ২০১৪ সালে ঘরের মাটিতে দুটি ম্যাচ জিতলেও এরপর চার আসরে ১২ ম্যাচে জয়হীন নারীরা।

‘এ’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এবং ‘বি’ গ্রুপ থেকে ইংল্যান্ড ও ভারত সেমিফাইনালে উঠেছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সেমিফাইনাল, রোববার ফাইনাল।

উল্লেখ্য, টি২০ বিশ্বকাপে সাত আসরের মধ্যে পাঁচবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। একবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

পরাজয় শেষে বাংলাদেশ দলনায়ক নিগার সুলতানা বলছিলেন, ‘‌আমাদের বোর্ডে ১৪০ রান তুলতে হতো। কিন্তু পাওয়ার প্লেতে আমরা ভালো করিনি। ছোট পুঁজি নিয়ে ডিফেন্ড করা আসলেই কঠিন, যখন কিনা আপনার ফিল্ডরারাও সুযোগ মিস করবে। আমাদের এ নিয়ে কাজ করতে হবে। আশাকরি পরেরবার আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা দলের সদস্য পেসার মারুফা আক্তার ও অলরাউন্ডার স্বর্ণা আক্তারকে নিয়ে নিগার বলেন
, ‘‌মারুফা ও স্বর্ণা অবিশ্বাস্য ছিল। তারা দলে এসে যেভাবে পারফর্ম করল তাতে আমি খুবই খুশি ও কৃতজ্ঞ। তারা খুবই প্রাণোচ্ছ্বল আর পারফর্ম করতে মরিয়া ছিল। বাংলাদেশের সমর্থকদেরও ধন্যবাদ জানাই। তারা সব সময় আমাদের সমর্থন দিয়ে গেছেন।’