এশিয়া কাপে ভারতের কাছে বিধ্বস্ত পাকিস্তান গতকাল শ্রীলংকার কাছে হারলে তাদের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যেত। যদিও সে লজ্জায় পড়তে হয়নি সালমান আগার দলকে। আবুধাবিতে সুপার ফোরের ম্যাচে টি-টোয়েন্টির বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।

টস জিতে শ্রীলংকাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৩৩ রানে আটকে দেয় পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি (৩/২৮), হুসাইন তালাত (২/১৮) ও আবরার আহমেদের (১/৮) দারুণ বোলিং শ্রীলংকাকে কোণঠাসা করে রাখে। ১ রানে প্রথম উইকেট হারানো লংকানরা ৮০ রানে হারায় ষষ্ঠ উইকেট। এরপর কামিন্দু মেন্ডিসের লড়াইয়ে ১৩৩ রানের পুঁজি পায় তারা। কামিন্দু ৪৪ বলে ৫০ রান করেন ৩ বাউন্ডারি ও ২ ছক্কায়।

এরপর মোহাম্মদ নওয়াজ (২৪ বলে ৩৮), হুসাইন তালাত (৩০ বলে ৩২*) ও শাহিবজাদা ফারহানের (১৫ বলে ২৪) ব্যাটে ভর করে ২ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান।

ভারত ও বাংলাদেশ উভয়ের সংগ্রহ ২ পয়েন্ট করে, তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা পাকিস্তানেরও এখন ২ পয়েন্ট। টার্গেট ১৩৪ হলেও নওয়াজের ছক্কায় দলীয় সংগ্রহ ১৩৮ করে ফেলায় নেট রান রেটে বাংলাদেশকে টপকে দুইয়ে উঠে গেছে পাকিস্তান। এতে ফাইনালের আশা বাড়ল দলটির। অন্যদিকে শ্রীলংকা পড়ে গেল বিপদে। আজ দুবাইয়ে ভারতের কাছে বাংলাদেশ হারলেই বাদ পড়বে চারিত আসালঙ্কার দল। আবার বাংলাদেশ যদি ভারত ও পাকিস্তানকে টানা হারায় তখন সুযোগ থাকবে লংকানদের, যদিও শুক্রবার শেষ ম্যাচে তাদের জিততে হবে ভারতের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলংকা: ২০ ওভারে ১৩৩/৮। পাকিস্তান: ১৮ ওভারে ১৩৮/৫। ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: হুসাইন তালাত (পাকিস্তান)।