পরে পদত্যাগ করেন শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী ও মঞ্জুর আলম।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদের ছয় মাস হওয়ার আগেই পদত্যাগ করলেন এ নিয়ে সাতজন পরিচালক।

ফাইয়াজুর ছিলেন বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সিনিয়র ভাইস চেয়ারম্যান। ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন শানিয়ান তানিম। সিকিউরিটি কমিটির প্রধান ছিলেন মেহরাব। মঞ্জুর আলম মেডিকেলের দায়িত্বে ছিলেন। এ চারজনই গতকাল বিসিবির সভায় ছিলেন। কিন্তু এর পরই বোর্ড থেকে সরে গেলেন তারা।

পদত্যাগের খবর নিশ্চিত করে শানিয়ান বলেন, ‘সবাই তো ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছে, আমি বলেছি ‘‘আননোন’’ কারণের কথা। আপাতত আর কিছু বলতে চাই না।’

গত ২৪ জানুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক। গত ২৩ মার্চ বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়ার পর পরিচালক পদ থেকেই সরে দাঁড়ান আমজাদ হোসেন।

গত বৃহস্পতিবার পদত্যাগ করেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তিনি ছিলেন লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান। সেই ধারাবাহিকতায় গতকাল সরে গেলেন চার পরিচালক।

গত অক্টোবরে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেয় বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। তবে সেই নির্বাচন ছিল প্রবল প্রশ্নবিদ্ধ। নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ ওঠে। অনিয়ম ও কারসাজির অভিযোগ তদন্তে গত মাসে একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। দু-একদিনের মধ্যেই সেই কমিটির প্রতিবেদন জমা দেয়ার কথা।

এ পরিচালনা পর্ষদের ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে ক্রিকেটাঙ্গনে। এ বোর্ড টিকবে না বলেও জোর গুঞ্জন চলছে কিছুদিন ধরেই। একের পর এক পরিচালকের পদত্যাগ সেসব গুঞ্জনের পালে আরো জোর হাওয়া দিচ্ছে।