পারফরম্যান্স খুব একটা ঝলমলে ছিল না। তারপরও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথমার্ধের বিবর্ণতা ঝেড়ে বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। ফেরান তোরেস দলকে এগিয়ে নেয়ার পর ম্যাচের শেষ মুহূর্তে গোল করলেন লামিনে ইয়ামাল। ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে রেসিং সানতান্দারকে ২-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এ জয়ে কোয়ার্টার-ফাইনালে পা রাখল হান্সি ফ্লিকের দল। রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের মাত্র তিন দিন পরেই এ কাঙ্ক্ষিত জয় তুলে নিল শিরোপাধারীরা। এ জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে জয়ের দেখা পেল কাতালান দলটি।

পুরো ম্যাচে ৭৭ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নেয় বার্সেলোনা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে স্বাগতিক রেসিং ৬টি শট নিলেও ৩টি লক্ষ্যে রাখতে পারে। স্টেডিয়ামের চারপাশের নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট দেরিতে শুরু হয়। তবে ম্যাচের শুরুতে সুপার কাপ জয়ী বার্সেলোনার খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ দিয়ে সম্মান জানায় রেসিং।

ম্যাচের শুরুতে লা লিগা-২ এর টেবিলের শীর্ষে থাকা রেসিং বেশ কয়েকবার বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ায়। নবম মিনিটে সুলেমান কামারা এবং ২১তম মিনিটে গুলিয়াশভিলির প্রচেষ্টা গোলরক্ষক হোয়ান গার্সিয়া রুখে দেন। প্রথমার্ধে বার্সেলোনা ৮২ শতাংশ পজেশন রাখলেও ইয়ামাল ও মার্কাস র‍্যাশফোর্ডরা তেমন বড় কোনো সুযোগ তৈরি করতে পারেননি। বিরতির ঠিক আগে র‍্যাশফোর্ডের একটি শট প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে আটকে যায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা। ৪৭ ও ৪৯ মিনিটে ইয়ামাল ও র‍্যাশফোর্ড সুযোগ পেলেও গোল পাননি। অবশেষে ৬৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে ফের্মিন লোপেসের বাড়ানো দারুণ পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান ফেররান তরেস। এরপর কোচ তরেস, র‍্যাশফোর্ড ও দানি ওলমোকে তুলে নিয়ে লেভানদোভস্কি, রাফিনিয়া ও পেদ্রিকে মাঠে নামান।

ম্যাচের শেষ দিকে রেসিং দুবার বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রেসিং সমতায় ফেরার সুযোগ পেলেও গোলরক্ষক গার্সিয়া দারুণভাবে তা ঠেকিয়ে দেন। পরের মিনিটেই জয় নিশ্চিত করেন ইয়ামাল। রাফিনিয়ার সঙ্গে চমৎকার ওয়ান-টু-ওয়ান পাসের মাধ্যমে কাছ থেকে গোল করেন এই স্প্যানিশ তারকা। এই জয়ের ফলে শেষ আটে আথলেতিক বিলবাও, আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল বেতিসের মতো দলগুলোর সঙ্গী হলো বার্সেলোনা। আগামী রোববার লা লিগায় তারা রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে।