আজ অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের গ্রুপ পর্বের ড্র। কাতারের রাজধানীতে দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে (ডিইসিসি) বাংলাদেশ সময় রাত ১০টায় বিশ্বকাপের ড্র অনুষ্ঠান শুরু হবে। ফিফার ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট, স্কাই স্পোর্টস এবং টক স্পোর্টস অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
১৯৯৮ বিশ্বকাপ থেকে শুরু হয়ে আসা নিয়মানুযায়ী এবারের আসরেও অংশ নেবে ৩২ দল। এ নিয়মে এটাই হতে পারে শেষ বিশ্বকাপ। কারণ উত্তর আমেরিকায় ২০২৬ বিশ্বকাপ হবে ৪৮ দলের অংশগ্রহণে। কাতার বিশ্বকাপের তিনটি জায়গা এখনো ফাঁকা রয়েছে। দুটি দলের নাম জানা যাবে জুনে আন্তঃকনফেডারেশন প্লে-অফ শেষে। আরেকটি দল ইউরোপীয় প্লে-অফ থেকে আসবে।
ফিফা অবশ্য সেজন্য অপেক্ষায় থাকছে না। মূল পর্ব নিশ্চিত করা ২৯টি দল নিয়ে আজ রাতেই গ্রুপ পর্বের ড্রতে বসছে। তার আগে ৩১ মার্চ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ের ভিত্তিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ৩২ দলকে ভাগ করে চারটি পট তৈরি করে দিয়েছে। একটি পটে আটটি করে দল। এই পটগুলো থেকেই আট গ্রুপের জন্য চারটি করে দল ঠিক করা হবে।
ইউরোপিয়ান অঞ্চল বাদে অন্য কনফেডারেশনের দুটি দল একই গ্রুপে থাকবে না। বিশ্বকাপ বাছাই পেরিয়ে যেহেতু ইউরোপের ১৩ দল জায়গা করে নিয়েছে মূল পর্বে, সেহেতু অন্তত ৫ গ্রুপে ইউরোপের দুটি দল থাকবে একই সঙ্গে।
ইউরোপ থেকে সবচেয়ে বেশি ১৩ দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। আফ্রিকা থেকে ৫ দল, এশিয়া ও লাতিন আমেরিকা থেকে সরাসরি চারটি এবং আরো একটি দল খেলার সুযোগ পাবে জুনের আন্তঃকনফেডারেশন প্লে-অফ থেকে। উত্তর-মধ্য (কনকাকাফ) আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের সরাসরি তিনটি এবং একটি দল ওশেনিয়া অঞ্চলের দেশের বিপক্ষে জুনের প্লে-অফ খেলে অংশ নেয়ার সুযোগ থাকছে।
র্যাকিং অনুযায়ী-
পট-১: কাতার, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল।
পট-২: মেক্সিকো, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া।
পট-৩: সেনেগাল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তিউনিশিয়া।
পট-৪: ক্যামেরুন, কানাডা, ইকুয়েডর, সৌদি আরব, ঘানা, আন্তমহাদেশীয় প্লে-অফ-১, আন্তমহাদেশীয় প্লে-অফ-২, ইউরো প্লে-অফ।
আগামী ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২। কাতারের ৫ শহরের ৮টি দৃষ্টিনন্দন ভেন্যু এই ক্রীড়াযজ্ঞকে বরণ করে নিতে তৈরি।










