গোল দেয়ার ব্যাপারে সবসময়ই ওস্তাদ ক্রিশ্চিয়ানো
রোনালদো। তবে সৌদি আরবের আল-নাসর ক্লাবে যোগ দেয়ার পর ভাগ্য কোনোভাবেই সুপ্রসন্ন হচ্ছিল
না। অবশেষ সৌদি প্রো লিগে প্রথম গোলের দেখা পেলেন সিআর সেভেন।
গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) আল-ফাতেহর
বিপক্ষে লিগ ম্যাচে পর্তুগিজ তারকার শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে আল-নাসর। শেষপর্যন্ত
২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা।
ম্যাচ শুরুর ১২ মিনিটেই পিছিয়ে পড়ে আল-নাসর।
গোল করে ফাতেহকে লিড এনে দেন স্প্যানিশ ফরোয়ার্ড ক্রিস্টিয়ান তেলো। পুরো ম্যাচে আক্রমণে
আধিপত্য দেখানো নাসর ৪২ মিনিটে তালিসকার গোলে সমতায় ফেরে। বিরতির পর সোফিয়ানে বেনদেবকার
গোলে আবারো পিছিয়ে পড়ে নাসর।
ম্যাচের নির্ধারিত সময় পার হলেও তারা আর সমতায়
ফিরতে পারেনি। অবশেষে বর্ধিত সময়ে দলকে হারের লজ্জা থেকে বাঁচান রোনালদো। পেনাল্টি
থেকে সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান তিনি। আর তার সঙ্গে আল-নাসরের হয়ে প্রথম গোলের
দেখাও পেয়ে যান পর্তুগিজ তারকা।
জয় না পেলেও ড্রয়ের ফলে এক পয়েন্ট নিয়ে লিগের
শীর্ষস্থান দখল করে নেয় আল-নাসর।










