জুভেন্টাসের আর্থিক হিসাব ও দলবদল নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে, যা নিয়ে তদন্ত করছে ইতালির ফুটবল কর্তৃপক্ষ। এ তদন্তের অংশ হিসেবে জুভেন্টাসের সাবেক খেলোয়াড় পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোও তদন্ত দলের মুখোমুখি হতে পারেন। অথচ দুঃসংবাদ ধেয়ে আসার দিনই ফুটবলে আরেক কীর্তি গড়লেন ৩৬ বছর বয়সী মহাতারকা। বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে জোড়া গোল করে ইতিহাস গড়েছেন তিনি। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে শীর্ষ পর্যায়ের ফুটবলে (ক্লাব ও জাতীয় দল মিলিয়ে) ৮০০ গোলের মাইলফলকে পৌঁছেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। ১০৯৭ ম্যাচে তার গোলসংখ্যা এখন ৮০১।

গত শুক্রবার তুরিন ও মিলানে জুভেন্টাসের কার্যালয়ে তল্লাশি করেছে পুলিশ। এ সময় পুলিশ কর্মকর্তারা জুভেন্টাসে রোনালদোর চুক্তি, চালান ও আর্থিক বিবৃতির কাগজগুলো খোঁজ করছিলেন। অভিযোগে বলা হচ্ছে, ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষের আর্থিক নিয়ম প্রতিপালন করতে গিয়ে ভুল তথ্য উপস্থাপন করেছে জুভেন্টাস। এতে ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যবর্তী সময়ে রোনালদোর দলবদল ফি কম দেখানো হয়েছে, যাতে করে তারা কর্তৃপক্ষের শর্ত পূরণে সক্ষম হয়।

দলবদল, চালান ও আর্থিক বিবৃতির সঙ্গে সংশ্লিষ্ট জুভেন্টাসের ছয়জন কর্মকর্তার নথি গ্রহণ করেছে ইতালির ফুটবল কর্তৃপক্ষ—এদের মধ্যে রয়েছেন ক্লাব প্রেসিডেন্ট আন্দ্রেয়া আনেল্লি ও ভাইস প্রেসিডেন্ট পাভেল নেদভেদ। তদন্তের মুখোমুখি হতে হবে জুভেন্টাসের সাবেক ক্রীড়া পরিচালক ফ্যাবিও প্যারাটিসিকে, যিনি বর্তমানে একই ভূমিকায় ইংলিশ ক্লাব টটেনহামের দায়িত্বে রয়েছেন। জুভেন্টাস ছেড়ে গত গ্রীষ্মেই টটেনহামে নাম লেখান তিনি।

ইতালির পুলিশ ও ফুটবল কর্তৃপক্ষ মোট ৪২টি দলবদল নিয়ে তদন্ত করছে, যেগুলো ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে অন্যতম টটেনহাম খেলোয়াড় ক্রিস্টিয়ান রোমেরোর দলবদল। জুভেন্টাস থেকে ১৩.৫ মিলিয়ন পাউন্ডে আর্জেন্টাইন খেলোয়াড়টি সিরি-এ লিগেরই ক্লাব আটলান্টায় নাম লেখানোর দিনই তাকে ৪৭ মিলিয়ন পাউন্ডে টটেনহামের কাছে বিক্রির চুক্তি হয়! যদিও প্রথম মৌসুমটি তিনি ধার চুক্তিতেই খেলবেন। এ চুক্তিতে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগ তোলা হয়েছে। 

২০১৮ থেকে ২০২১ পর্যন্ত তিন মৌসুমে তুরিনের ক্লাবে খেলে ১৩৪ ম্যাচে ১০১ গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার।

গত গ্রীষ্মে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানো রোনালদো এখন ইংলিশ ফুটবল মাতাচ্ছেন। বৃহস্পতিবার জোড়া গোল করে ইতিহাস গড়েছেন, তেমনি লিগে মূল্যবান এক জয় এনে দিয়েছেন ম্যানইউকেও।

এখন প্রশ্ন হলো, ইতালিয়ান কর্মকর্তারা কীভাবে তাকে জেরা করবেন? ইতালির সংবাদমাধ্যম বলছে, রোনালদোর এজেন্ট কোম্পানি হোর্হে মেন্দেসের গেস্টিফিউটের মাধ্যমে তাকে ইতালিতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

জুভেন্টাসের আরো কিছু দলবদল চুক্তি নিয়ে তদন্ত করবে ইতালির ফুটবল কর্তৃপক্ষ। এর মধ্যে অন্যতম দুই বছর আগে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো হোয়াও ক্যানসেলোর ২৭ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডের চুক্তি। এ চুক্তির অংশ হিসেবে ম্যানসিটি থেকে দানিলো যোগ দেন জুভেন্টাসে। আরেকটি ‘বিনিময়’ চুক্তির অংশ হিসেবে জুভেন্টাস থেকে বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিক যোগ দেন বার্সেলোনায়, আর বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থর মেলো নাম লেখান জুভেন্টাসে। এ চুক্তি দুটিও তদন্তের মুখে পড়েছে।

অপরাধ প্রমাণিত হলে সিরি-বি ফুটবলে অবনমিত হয়ে যেতে পারে জুভেন্টাস এবং তাদের ২০২০ সালের শিরোপাও কেড়ে নেয়া হতে পারে। ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকায় জুভেন্টাসের ২০০৫ ও ২০০৬ সালের সিরি-এ শিরোপা কেড়ে নেয়ার পাশাপাশি তাদের সিরি-বি’তে নামিয়ে দেয়া হয়। তখন ফোনকল হ্যাকিংয়ের মাধ্যমে জানা যায়, ফিক্সিংয়ের সঙ্গে সরাসরি দুই ক্লাবের কর্মকর্তা আর রেফারিদের সংগঠনও জড়িত ছিল! মেইল অনলাইন, এসবি নেশন