মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে
রোববার (বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টা) কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা
ও কলম্বিয়া। আর্জেন্টিনা ১৬তম ও কলম্বিয়া দ্বিতীয় শিরোপার লক্ষ্যে খেলবে। এই ফাইনালে
আলোতে থাকবেন দুই দলের অধিনায়ক লিওনেল মেসি ও হামেশ রদ্রিগেজ। দুজনই চাইবেন কোপার শিরোপা
জিতে ক্যারিয়ারের শেষটা রাঙাতে।
আর্জেন্টিনার রোজারিওতে
জন্মগ্রহণ করা মেসি আটবার ব্যালন ডি’রসহ অসংখ্য ব্যক্তিগত পুরস্কারে ভূষিত হয়েছেন।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ সালে বিশ্বকাপ জিতে ক্যারিয়ারকে
পূর্ণতা দিতে পেরেছেন। ৩৭ বছর বয়সী ফরওয়ার্ড ক্যারিয়ারের শেষ লগ্নটাও রাঙাতে চান কোপায়
নিজেদের রেকর্ড ১৬তম শিরোপা জিতে।
নিজের সহজাত রূপে দেখা
না গেলেও দারুণ ফর্মে আছেন মেসি। চলতি আসরে সতীর্থদের ৭টি বড় সুযোগ তৈরি করে দিয়েছেন,
আর ১৫টি মূল্যবান পাস দিয়েছেন। তার দলও উঠে এসেছে ফাইনালে। এবার হার্ড রক স্টেডিয়ামে
শিরোপা উৎসব করতে চান মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ারা।
এদিকে, কুকুতায় জন্মগ্রহণ
করা হামেশ রদ্রিগেজও কলম্বিয়ার হয়ে দারুণ পারফর্ম করে চলেছেন। ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন
বুটজয়ী এই খেলোয়াড় এবারের কোপা শুরুর আগে আলোচনাতেই ছিলেন না। পোর্তো, মোনাকো, রিয়াল
মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও এভারটনে খেলা এই তারকা আবার দেশের হয়ে বড় টুর্নামেন্টে জ্বলছেন
তারা হয়ে। দুর্দান্ত পারফর্ম করে তিনি দলকে নিয়ে গেছেন ফাইনালে। এই পথে দ্বিতীয় সর্বোচ্চ
৫টি বড় সুযোগ তৈরি করেছেন, আর ১৭টি মূল্যবান পাস দিয়েছেন সতীর্থদের। ৩৩ বছর বয়সী রদ্রিগেজও
ক্যারিয়ারের গোধুলিলগ্নে শিরোপার উৎসব করতে চান।
দুই অধিনায়ক এখন ফাইনালের
মঞ্চেও আলো ছড়াতে, আলো কাড়তে তৈরি। দুই দলের দুই ‘নাম্বার টেন’ বিশ্বের প্রাচীনতম এই
টুর্নামেন্টে এর আগে দুবার মুখোমুখি হয়েছেন। ২০১৫ সালের কোয়ার্টার ফাইনালটা আর্জেন্টিনা
জিতে যায় টাইব্রেকারে। দুই খেলোয়াড়ই স্পট-কিক থেকে সেবার গোল করেন। ২০১৯ সালের কোপায়
গ্রুপ পর্বে মুখোমুখি হয় দুই দল, যেখানে কলম্বিয়া ২-০ গোলের জয় পায়। ওই ম্যাচে একটি
গোলে অ্যাসিস্ট করেন রদ্রিগেজ।
এবার কোপার বড় মঞ্চে মুখোমুখি
আর্জেন্টিনা ও কলম্বিয়ার অধিনায়ক। কে হাসবেন শেষ হাসি?










