প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ জয়ের কীর্তি গড়লেন চীনের হুয়াং ও ইউটিং ও শেং লিহাও। গতকাল শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র ইভেন্টে দক্ষিণ কোরিয়ার কিউম জিহিওন ও পার্ক হাজুনকে ১৬-১২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছেন এ জুটি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এ জুটি এখন অলিম্পিক চ্যাম্পিয়নও!

শুটিং থেকে সুখবর আসার পর ডাইভিংয়েও প্রথম স্বর্ণ জিতেছে চীন। মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে ৩৩৭.৬৮ পয়েন্ট পেয়ে চীনকে প্রথম পূর্ণ দিবসের দ্বিতীয় স্বর্ণ এনে দেন চ্যান ইয়ানি ও চেন ইওয়েন। ডাইভিংয়ের আটটি স্বর্ণের মধ্যে আটটিই জিততে চায় অলিম্পিক জায়ান্টরা। প্রথমটি জিতে নেয়ার পর এখন বাকি সাতটি স্বর্ণের জন্য লড়বে তারা।

মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে যুক্তরাষ্ট্রের সারাহ ব্যাকন ও কাসিডি কুক ৩১৪.৬৪ পয়েন্ট নিয়ে রৌপ্য এবং ব্রিটেনের ইয়াসমিন হার্পার ও স্কারলেট মিউ জেনসেন ৩০২.২৮ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। 

এ চীনা জুটি গত তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় করায় এবার প্যারিস অলিম্পিকেও হট ফেভারিট হিসেবে খেলতে নামেন এবং শেষ পর্যন্ত তারাই হেসেছেন স্বর্ণের হাসি। গতকাল চীনাদের সাফল্যের পেছনে অনুপ্রেরণা জুগিয়েছেন সমর্থকরা। চীনা পতাকা নিয়ে উচ্ছল সমর্থকরা ‘জিয়াউ’ ধ্বনিতে মুখরিত করে তোলেন ডাইভি সেন্টারটি, যা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় ‘এগিয়ে চলো’। চীনা ডাইভাররা যে সময়ই লড়াইয়ে নেমেছেন তখনই তাদের ‘জিয়াউ’ বলে সমর্থন জুগিয়েছেন চীনা দর্শক।  

গত এক দশক ধরে ডাইভিংয়ে রাজত্ব করে চলেছে চীনারা। ২০২১ সালে টোকিও অলিম্পিক গেমসে তারা ডাইভিং থেকে সাতটি স্বর্ণপদক জয় করে। তবে কখনো আটটি স্বর্ণের সবগুলোই জেতা হয়নি। এবার সেই লক্ষ্যে ছুটছে চীনারা ডাইভাররা। ২০০০ সালে অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় এ ইভেন্টটি। সিডনিতে সেই গেমসে সাতটির মধ্যে ছয়টি স্বর্ণ জয় করে চীন। সেবার মাত্র একটিতে তারা পরাজিত হয় রাশিয়ার কাছে। তিন বছর আগে টোকিও অলিম্পিকে এ ইভেন্টে চীনকে স্বর্ণ এনে দেন শি তিনমাগো ও ওয়াং হ্যান। 

১৯৮৪ সালের অলিম্পিকে ডাইভিং প্রথম অন্তর্ভুক্ত হয়। প্রথম স্বর্ণটি জিতে নেয় চীন। সেই থেকে এখন পর্যন্ত ৬৪টি স্বর্ণের ৪৭টি গেছে চীনে। এছাড়া ২৩টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জও জিতেছেন চীনারা। 

২০০৮ সালের বেইজিং অলিম্পিক থেকে যদি গোনা শুরু করা হয় তাহলে অলিম্পিকের ডাইভিংয়ে ৩২টি স্বর্ণের মধ্যে ২৭টি জিতেছে চীন। এটা প্যারিসের আগের হিসাব। ২০২৪ সালের আসরেও প্রথম ইভেন্টেই স্বর্ণ জিতে নিল চীন। সংখ্যা ক্রমেই বাড়তে থাকবে। 

এদিকে, নারী সাঁতারের গ্রেট কেটি লেডেকি গতকাল ৪০০ মিটার ফ্রিস্টাইলের হিটে দুর্দান্ত পারফর্ম করে প্রতিদ্বন্দ্বীদের সতর্কবার্তাই দিলেন। ৪ মিনিট ২.১৯ সেকেন্ড সময় নিয়ে তিনি হিটে প্রথম হয়েছেন। পেছনে ফেলেছেন টোকিও অলিম্পিকে এ ইভেন্টে স্বর্ণজয়ী অস্ট্রেলিয়ার আরিয়ার্নে টিটমাসকে। ৪ মিনিট ২.৪৬ সেকেন্ড সময় নিয়ে হিটে দ্বিতীয় দ্রুততম টাইমিং করেন টিটমাস। 

অলিম্পিকে নারীদের মধ্যে এককে সর্বোচ্চ ছয়টি স্বর্ণপদক জয়ের রেকর্ডটা লেডেকির দখলে। এবার প্যারিসে রেকর্ডটা আরেকটু সংহত করার লক্ষ্য তার। প্যারিসে ৮০০ ও ১৫০০ মিটার ফ্রিস্টাইলে তিনি হট ফেভারিট।