লংকা প্রিমিয়ার টি২০ লিগে আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) প্রথম কোয়ালিফায়ার ম্যাচ জিতলেই ফাইনালে উঠে যেত সাকিব আল হাসান ও লিটন দাসের দল গল টাইটান্স। যদিও টেবিলের শীর্ষ দল ডাম্বুলার অরার সঙ্গে দ্বিতীয় স্থানধারী গল প্লে-অফের এই ম্যাচে হেরে গেল ৬ উইকেটে।

 

এই জয়ে সরাসরি ফাইনালে উঠল ডাম্বুলা। তবে সাকিবদের সুযোগ শেষ হয়ে যায়নি। শনিবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তারা মুখোমুখি হবে ক্যান্ডি। আজ এলিমিনেটর ম্যাচে জাফনা কিংসকে ৬১ রানে হারায় ক্যান্ডি। রোববার ফাইনাল।

 

সাকিব ১৭ বলে ১৯ রান করলেও লিটন টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। আজ ৭ বলে ৮ রান করেন তিনি। লাসিথ ক্রুসপুল্লের ৬১ বলে খেলা ৮০ রানে ভর করে ২০ ওভারে ১৪৬ রান তুলে অলআউট হয় গল। জবাবে কুশল পেরেরা (৩৯ বলে ৫৩*) ও কুশল মেন্ডিসের (৪৫ বলে ৪৯) ব্যাটে ভর করে ২ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে ক্যান্ডি। সাকিব ৪ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নেন।

 

সাকিব শুরু থেকেই আছেন গলের সঙ্গে। আর লিটন দলটির সঙ্গে যোগ দেন ১৫ আগস্ট। সেদিন লিটন ব্যাটে কিছুই করতে না পারলেও তার দল ৮ উইকেটের বড় জয় প্লে-অফে খেলা নিশ্চিত করে ফেলে। বাংলাদেশ দলনায়ক সাকিব ব্যাট বলে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন।

 

বাংলাদেশের আরেক তারকা তৌহিদ হৃদয় দুর্দান্ত খেলছিলেন জাফনা কিংসের হয়ে। যদিও হৃদয় জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে গত সপ্তাহে দেশে ফিরে এসেছেন।

 

আর টেবিলের পঞ্চম হয়ে বিদায় নেয়া কলম্বা স্ট্রাইকার্সের হয়ে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।