কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব অর্জন স্বর্ণ জিতেছেন বাংলাদেশের ইমরানুর রহমান।  তিনি সময় নিয়েছেন মাত্র ৬.৫৯ সেকেন্ড।  গড়েছেন রেকর্ড। বাংলাদেশের ইতিহাসে এশিয়ার কোনো আসরে এই প্রথম স্বর্ণপদক আসছে বাংলাদেশে। আজ বাংলাদেশ সময় রাত ৭টা ৫০ মিনিটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক নেবেন তিনি।  

 

ইমরানুর পদক গ্রহণের পর এই প্রথমবারের মতো বিদেশের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত বাজবে। ইমরানুর রহমানের এ অবিস্মরণীয় সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মো. তোফাজ্জল হোসেন মিয়া। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিভিন্ন ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দেশ ও দেশের বাহির থেকে বিভিন্ন পেশার ক্রীড়া অনুরাগী।

 

আরো শুভেচ্ছা জানিয়েছেন ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের সভাপতি সিবাস্তিয়ান কু, এশিয়ান এ্যাথলেটিকসের সভাপতি জেনারেল দাহলান আল হামাদ, সাফ সভাপতি ললিত কে ভানট, অ্যাথলেটিকস ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি আদিল জে সামরওয়ালাসহ দক্ষিণ এশিয়ার সব দেশের সভাপতি ও সেক্রেটারীরা শুভেচ্ছা জানিয়েছেন। ইমরানুরের এ সাফল্য দেশের অন্য অ্যাথলেটদের সামনে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে উল্লেখ করে তারা সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।