ইএফএল কাপ ফাইনালে আজ শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে লিভারপুল ও চেলসি। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হবে।

যৌথভাবে সর্বোচ্চ আটবার করে এ শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। বতর্মান চ্যাম্পিয়ন ম্যানসিটি শেষ ষোলোয় এভারটনের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে। এবার লিভারপুলের সামনে সুযোগ থাকছে একক সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড গড়ার। তবে লিগ কাপে সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড অলরেডদেরই। এ নিয়ে ১৩ বার ফাইনাল খেলবে তারা। নয়বার করে ফাইনাল খেলেছে ম্যানসিটি, ম্যানইউ ও অ্যাস্টন ভিলা।

অন্যদিকে চেলসিও কম যায় না। এ নিয়ে নয়বার ফাইনাল খেলতে যাওয়া দলটি পাঁচবার শিরোপা জিতেছে। ২০১৪-১৫ মৌসুমে সর্বশেষ শিরোপা জিতেছিল তারা। লিভারপুল শেষ শিরোপা জিতেছে ২০১১-১২ মৌসুমে।

চেলসির এবারের যাত্রা ছিল দুর্দান্ত। কোয়ার্টার ফাইনালে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারানোর পর সেমিফাইনালের দুই লেগে বর্তমান চ্যাম্পিয়ন টটেনহ্যামকে ২-০ ও ১-০ গোলে হারায়। লিভারপুল কোয়ার্টারে লেস্টার সিটিকে হারায় পেনাল্টিতে। সেমিতে আর্সেনালের বিপক্ষে দুই লেগে ০-০ ও ২-০ ফল নিয়ে ফাইনালে ওঠে।

এর আগে লিগ কাপের বিভিন্ন পর্বে নিজেদের মধ্যে সর্বমোট নয়বারের দেখায় পাঁচবার জিতেছে চেলসি, তিনবার লিভারপুল ও একটি ম্যাচ ড্র হয়।

২০১৮-১৯ মৌসুমে সর্বশেষ দেখায় ঘরের মাঠ অ্যানফিল্ডে তৃতীয় রাউন্ডের ম্যাচে চেলসির কাছে ২-১ গোলে হারে লিভারপুল। লিগ কাপে শেষ তিনবারের দেখায় চেলসিকে পরাস্ত করতে পারেনি লিভারপুল। শুধু লিগ কাপে না, প্রিমিয়ার লিগেও শেষ তিন দেখায় চেলসিকে হারাতে পারেনি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। দুটি ড্র ও একটি হার। বিবিসি