লিওনেল স্কালোনি শুক্রবার ২৮ সদস্যের আর্জেন্টিনা দল ঘোষণা করেছেন। আগামী মাসে যুক্তরাষ্ট্রের মায়ামি ও শিকাগোতে ভেনিজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত এ দলে প্রত্যাশিতভাবেই নাম রয়েছে অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের।
তবে জাতীয় দলের এ ডাক ইন্টার মায়ামির জন্য সৃষ্টি করেছে অনিশ্চয়তা। কারণ ১০ অক্টোবর মায়ামিতে ভেনিজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার ঠিক একদিন পরেই ১১ অক্টোবর চেজ স্টেডিয়ামে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। মেজর সকার লিগে (এমএলএস) এটি তাদের শিরোপা ভাগ্য নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ।
আসন্ন প্লে-অফে হোম অ্যাডভান্টেজ নিশ্চিত করতে ও ক্লাবটির কাঙ্ক্ষিত সাপোর্টার্স শিল্ড জেতার স্বপ্নে এ ম্যাচ অত্যন্ত জরুরি। কিন্তু মেসি ও ডি পল যদি ১০ অক্টোবর ভেনিজুয়েলার বিপক্ষে খেলেন, তাহলে একদিনের ব্যবধানে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচের জন্য তাদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা কঠিন।
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এ দুই তারকাকে দলে রাখলেও ভেনিজুয়েলার বিপক্ষে তাদের খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো।
শুক্রবার সংবাদ সম্মেলনে মাচেরানো বলেন, ‘এটি নিয়ে আমরা এখন আলোচনা করছি। সময় হলে আপনারা জানতে পারবেন।‘
কোচের এ অস্পষ্ট মন্তব্যে মেসি ও ডি পলের অংশগ্রহণ নিয়ে জল্পনা আরো বেড়েছে। আর্জেন্টিনা দল ১৩ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে।
ইন্টার মায়ামি এরই মধ্যে ২০২৫ এমএলএস প্লে-অফে নিজেদের স্থান নিশ্চিত করেছে। তবে শীর্ষস্থান ও মর্যাদাপূর্ণ সাপোর্টার্স শিল্ড জয়ের লড়াই এখনো চলছে।
বর্তমানে ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের চতুর্থ স্থানে আছে মায়ামি। সাপোর্টার্স শিল্ড জিততে হলে ‘দ্য হেরনস’দের বাকি থাকা তিনটি লিগ ম্যাচেই জয় পেতে হবে এবং প্রতিদ্বন্দ্বী ফিলাডেলফিয়া ইউনিয়নকে তাদের শেষ দুটি ম্যাচেই হারতে হবে। এ জটিল সমীকরণের মাঝেই আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি জিততেই হবে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটিকে।
ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ তেলাসকো সেগোভিয়াও তার জাতীয় দল ভেনিজুয়েলার হয়ে এ প্রীতি ম্যাচে ডাক পেয়েছেন। তাহলে শিগগিরই মুখোমুখি হতে পারেন দুই ইন্টার মায়ামি সতীর্থ।










