কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পায় পিএসজি। এবারের আসরে অ্যাওয়ে গোলের সুবিধা নেই। এই সুযোগের সদ্ব্যবহার করে পিএসজির মাঠে রিয়াল জোর দিয়েছিল রক্ষণে। তাতে করে ফরাসি জায়ান্টরা খুব একটা সুযোগ সত্যিকার অর্থে পায়নি। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রিয়ালের রক্ষণ দেয়াল ভেঙে গোল করেন এমবাপ্পে। তাই এ ম্যাচে রিয়াল বধের নায়ক এই ফরাসি স্ট্রাইকার।

এদিকে প্যারিসের ক্লাবটির সঙ্গে এই মৌসুমেই চুক্তি শেষ এমবাপ্পের। নতুন করে এখনো চুক্তি না করায় ধারণা করা হচ্ছে, মৌসুম শেষে নতুন ঠিকানায় যোগ দেবেন ফরাসি তারকা। এমবাপ্পে ঠিকানা কোথায় হতে পারে, এ নিয়ে অনেক গুঞ্জন ভাসছে। তবে সবচেয়ে বেশি উচ্চরিত হচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের নাম।

রিয়ালের বিপক্ষে ম্যাচ শেষে এমবাপ্পের কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যত্ নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছেন কি-না? স্পষ্ট কোনো জবাব মেলেনি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের কাছ থেকে।

এমবাপ্পে বললেন, আমি আমার ভবিষ্যত্ নির্ধারণ করিনি। বিশ্বের অন্যতম সেরা ক্লাব পিএসজির জন্য আমি খেলি। আমি আমার সেরাটা দেই, তারপর আমরা দেখব পরের মৌসুমে কী হয়।

এমবাপ্পে দলবদল নিয়ে চলমান গুঞ্জন সামলাচ্ছেন বেশ দক্ষতার সঙ্গে। কীভাবে মনোযোগ ধরে রাখছেন জানতে চাইলে তিনি বলেন, এটা সহজ, আপনাকে ফুটবল খেলতে হবে। আমরা অনেক বেশি প্রশ্ন করি, অনেক কিছু বলি। আমরা দুটি বড় ক্লাব পিএসজি ও রিয়াল সম্পর্কে বলছি। আমি এখনো পিএসজির একজন খেলোয়াড় এবং আমি সবসময় খুব খুশি। গোল ডটকম