মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের
মধ্যকার একমাত্র টেস্টে আজ উইকেট বৃষ্টির দ্বিতীয় দিন নিজেরা ৩৮২ রানে অলআউট হওয়ার
পর আফগানদের ১৪৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ২৩৬ রানের বিশাল লিড পেয়েও আফগানদের
ফলো-অন না করিয়ে নিজেরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে স্বাগতিক দল। এই সিদ্ধান্তে
অনেকে অবাক হলেও এখন শক্ত অবস্থানে লিটন দাসের দল।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৮ রানে মাহমুদুল হাসান জয়ের
বিদায় ঘটে। এরপর নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের দৃঢ়তায় আর কোনো বিপদ হয়নি। মাত্র
২৩ ওভারেই ১৩৪ রান তুলে নেয় টাইগাররা। এতে দ্বিতীয় দেনশেষে দলের লিড দাঁড়িয়েছে ৩৭০
রানের। জাকির ও শান্ত উভয়েই সমান ৫৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। কাকতালীয়ভাবে
দুজনই খেলেছেন সমান ৬৪ বল। জাকির ছয়টি ও শান্ত আটটি বাউন্ডারি মেরেছেন।
দ্বিতীয় দিন দুই দলের তিন ইনিংসজুড়ে মোট ৩০০ রান হয়েছে,
উইকেট পতন ঘটে ১৬টি। সেই তুলনায় প্রথম দিন মাত্র পাঁচ উইকেটের পতন হয়েছিল।
৫ উইকেটে ৩৬২ রান নিয়ে আজ সকালে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ
মাত্র ২০ রান যোগ করে বাকি ৫টি উইকেট হারায়! আফগান বোলিং ব্রিগেড অবিশ্বাস্য
সাফল্য দেখায়। যদিও এরপর আফগানরাও বিপর্যয়ে পড়ে। এবাদত হোসেন (৪/৪৭) ও শরিফুল
ইসলামের (২/২৮) এবং মেহেদী হাসান মিরাজ (২/১৫) ও তাইজুল ইসলামের (২/৭) ঘূর্ণির
মুখে দেড়শর আগেই অলআউট হয়ে যায় হাসমতউল্লাহ শহীদীর দল। আফসার জাজাই ৩৬ ও নাসির
জামাল ৩৫ রান করেন।










