সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায়
টি২০ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ ওভারের এই ফরম্যাটে
দুটি দল এখন পর্যন্ত ১৩ ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে শ্রীলংকা জিতেছে ৯টি, আর
বাংলাদেশ ৪টি। এবার ঘরের মাঠে সিরিজ বলে নাজমুল হোসেন শান্তদের সামনে ব্যবধান কমানোর
সুযোগ এসেছে।
এখন দেখে নেয়া যাক, টি২০ ফরম্যাটে বাংলাদেশের রেকর্ড কেমন।
২০০৬ থেকে শুরু করে এখন পর্যন্ত মোট ১৫৮টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৫৯টি, আর হারের
তেতো স্বাদ ছিল ৯৫টিতে। জয়ের হার ৩৭.৩৪ শতাংশ। ১৫৭ ইনিংসের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ
দলীয় স্কোর ২১৫, সর্বনিম্ন ৭০।
আফগানিস্তানের সঙ্গে ১১ ম্যাচ খেলে ৫টি, অস্ট্রেলিয়ার
সঙ্গে ১০ ম্যাচ খেলে ৪টি, ইংল্যান্ডের সঙ্গে ৪ ম্যাচ খেলে ৩টি, ভারতের সঙ্গে ১৩ ম্যাচ
খেলে ১টি, পাকিস্তানের সঙ্গে ১৯ ম্যাচ খেলে ৩টি, আয়ারল্যান্ডের সঙ্গে ৮ ম্যাচ খেলে
৫টি, নিউজিল্যান্ডের সঙ্গে ২০ ম্যাচ খেলে ৪টি, শ্রীলংকার সঙ্গে ১৩ ম্যাচ খেলে ৪টি,
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ১৬ ম্যাচ খেলে ৫টি, জিম্বাবুয়ের সঙ্গে ২০ ম্যাচ খেলে ১৩টি, কেনিয়ার
সঙ্গে ১ ম্যাচ খেলে ১টি, আরব আমিরাতের সঙ্গে ৩ ম্যাচ খেলে ৩টি, মালয়েশিয়ার সঙ্গে ১
ম্যাচ খেলে ১টি, নেপালের সঙ্গে ১ ম্যাচ খেলে ১টি, নেদারল্যান্ডসের সঙ্গে ৪ ম্যাচ খেলে
৩টি, ওমানের সঙ্গে ২ ম্যাচ খেলে ২টি, পাপুয়া নিউগিনির সঙ্গে ১ ম্যাচ খেলে ১টি জয় পেয়েছে
বাংলাদেশ। টাইগারদের রেকর্ড খারাপ দক্ষিণ আফ্রিকা ও স্কটল্যান্ডের সঙ্গে। প্রোটিয়ারা
৮ ম্যাচের মোকাবেলায় বাংলাদেশকে জিততে দেয়নি। স্কটল্যান্ড দুই ম্যাচের মুখোমুখিতে দুটিতেই
জিতেছে। এছাড়া হংকংকের সঙ্গে ১ ম্যাচ খেলে হেরেছে বাংলাদেশ।
উল্লেখ্য, সর্বশেষ এই ফরম্যাটে বাংলাদেশ ও শ্রীলংকা মুখোমুখি
হয় ২০২২ সালে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সেই ম্যাচে বাংলাদেশকে
২ উইকেটে হারায় শ্রীলংকা।
দুই দেশের টি২০ লড়াইয়ে সবচেয়ে বেশি রান করেছেন শ্রীলংকার
কুশল পেরেরা। ৮ ইনিংসে ৩৬৬ রান করেছেন তিনি। কুশল পেটের পীড়ার কারণে এই সিরিজে খেলতে
পারছেন না। বাংলাদেশের মুশফিকুর রহিম ১১ ইনিংসে ৩০০ ও মাহমুদউল্লাহ ১২ ইনিংসে ২৯৮ রান
করেছেন।
বাংলাদেশ-শ্রীলংকা টি২০ দ্বৈরথে যুগ্মভাবে সবচেয়ে বেশি
উইকেটের মালিক সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দুজনই নিয়েছেন ১২ উইকেট। সাকিব
শ্রীলংকার বিপক্ষে এবারের হোম সিরিজের কোনোটিই খেলবেন না।










