বাংলাদেশ প্রিমিয়ার লিগে
(বিপিএল) আজ শনিবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফরচুন বরিশালকে ১৮ রানের মূল্যবান
এক জয় এনে দেন ক্যারিবিয়ান তারকা কাইল মায়ার্স। পরে রাতের ম্যাচে দুর্দান্ত ঢাকাকে
১০ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই দুই দলের জয়ে প্লে-অফের রেসে চাপে পড়ে
গেল খুলনা টাইগার্স।
চট্টগ্রামের জহুর আহমেদ
চৌধুরী স্টেডিয়ামে ব্যাট-বলে পারঙ্গমতা দেখান মায়ার্স। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৮৩
রান তোলে বরিশাল। জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৬৫ রান তুলতে সমর্থ হয় সিলেট।
এই জয়ে প্লে-অফে খেলার
সম্ভাবনা উজ্জ্বল করল বরিশাল। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তৃতীয় স্থানে।
তাদের উপরে যথাক্রমে রংপুর (১০ ম্যাচে ১৬) ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স (৯ ম্যাচে ১৪)।
বরিশালের নিচে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (১১ ম্যাচে ১২) ও খুলনা টাইগার্স (১০
ম্যাচে ১০)। সপ্তম হারের লজ্জা পাওয়া সিলেটের প্লে-অফে ওঠার আর কোনো সম্ভাবনা নেই।
এক জয় নিয়ে একেবারে তলানিতে দুর্দান্ত ঢাকা।
আজ মুশফিকুর রহিম (৩২
বলে ৫২) ও মায়ার্সের (৩১ বলে ৪৮) ব্যাটে ভর করে বড় সংগ্রহ পায় বরিশাল। এরপর বল হাতেও
দুর্দান্ত পারফর্ম করেন মায়ার্স। ৪ ওভারে ১২ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। ৪০ রানে
প্রথম ৬ উইকেট হারায় সিলেট। বেনি হাওয়েল (৩২ বলে ৫৩) ও আরিফুল হকের (৩১ বলে ৫৭) লড়াই
সিলেটকে জয়ের আশা দেখালেও শেষ পর্যন্ত তারা পেরে ওঠেননি।
তানজিদ হাসান তামিমের
ব্যাটে (৫১ বলে ৭০) ভর করে ৬ উইকেটে ১৫৯ রান তোলে চট্টগ্রাম। টস ব্রুস করেন ৪৮ রান।
জবাব দিতে নেমে ৫ উইকেটে ১৪৯ রান তুলতে সমর্থ হয় ঢাকা। অ্যালেক্স রস সর্বোচ্চ ৫৫ রান
করেন। ম্যাচসেরা হয়েছেন তানজিদ।
মঙ্গলবার নিজেদের শেষ
ম্যাচে খুলনার মুখোমুখি হবে চট্টগ্রাম। শেষ চারের টিকিট পেতে শুভাগত হোমদের লড়াই এখন
বরিশাল ও খুলনার সঙ্গে। আগামী শুক্রবার মিরপুরে নিজেদের শেষ ম্যাচে সিলেটের মুখোমুখি
হবে খুলনা।
বরিশাল আগামীকাল মুখোমুখি
হবে রংপুর রাইডার্সের, যারা এরই মধ্যে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে। শুক্রবার মিরপুরে
তাদের শেষ ম্যাচ কুমিল্লার বিপক্ষে। এই বিবেচনায় বরিশালের প্লে-অফে ওঠা খুব সহজ নাও
হতে পারে।










