হাঙ্গেরির বুদাপেস্টে আজ শনিবার শুরু হওয়া ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারী রাউন্ডের তৃতীয় হিটে বাংলাদেশের ইমরানুর রহমান ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে তাঁর হিটে প্রথম স্থান অর্জন করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছেন।

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর আজ রাত ১১টা ৪৫ মিনিটে দ্বিতীয় রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

দ্বিতীয় রাউন্ডের ৬ নম্বর হিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরানুর। ৬ নম্বর হিটে যে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন টাইমিংয়ের হিসেবে তাদের মধ্যে ইমরানুরের অবস্থান ৭ নম্বরে। ১০ সেকেন্ডের নিচে টাইমিং করা আছেন দুজন। জ্যামাইকার রোহান ওয়াটসন ৯.৯১ সেকেন্ড ও কলম্বিয়ার রোনাল লঙ্গা ৯.৯৯ সেকেন্ড টাইমিং করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হন।

 

দ্বিতীয় রাউন্ডে মোট হিট হবে ৭টি। প্রতি হিটের শীর্ষ ৩ জনসহ দ্রুততম টাইমিং করা আরো তিনজন সেমিফাইনালে উঠবেন। ১০০ মিটারের সেমিফাইনাল ও ফাইনাল আগামীকাল রোববার।