দলবদলের ফি ১০০ মিলিয়ন ডলারের বেশি হবে বলে ১৯ বছর বয়সী জুড বেলিংহামকে নিয়ে আগ্রহ হারিয়েছে লিভারপুল। ফলে ইলিশ তারকাকে কেনার রেসে এখনো টিকে থাকল শুধু ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। এ রেসে আবার এগিয়ে ম্যানসিটি।
আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে অন্তত একজন মিডফিল্ডার কিনবে ম্যানসিটি। কারণটাও স্পষ্ট। জার্মান মিডফিল্ডার ইকাই গুন্দোয়ানের সঙ্গে এ জুনেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে সিটির। আবার পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভাকে নিয়েও অনিশ্চয়তা।
বেলিংহামকে বিক্রি করে অন্তত ১৩ কোটি পাউন্ড পাওয়ার হাতছানি। যদিও ডর্টমুন্ড আরো এক মৌসুম তাকে ধরে রাখতে চায়।
২০২০ সালে ডর্টমুন্ডে যোগ দেয়ার পর থেকে জার্মান বুন্দেসলিগার ক্লাবটির হয়ে দুর্দান্ত পারফর্ম করে আলোতে আসেন বেলিংহাম। এছাড়া ২০২২ বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে তিনি ভালো পারফর্ম করেন। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে ইংল্যান্ড। ক্লাব ও দেশের হয়ে উজ্জ্বল তিনি। ইএসপিএন অনূর্ধ্ব-২১ বয়সের সেরা ৩৯ জন ফুটবলারের একটি তালিকা তৈরি করে, যাতে শীর্ষস্থান দখল করেন বেলিংহাম।
এবার প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে ধুঁকতে থাকা লিভারপুল বেলিংহামকে কিনতে চেয়েও পরে এ রেস থেকে সরে আসে। তারা সিদ্ধান্ত নিয়েছে, ১০-১২ কোটি পাউন্ড খরচ না করে বরং এ অর্থ দিয়ে তারা বর্তমান স্কোয়াডের গভীরতায় উন্নতি আনয়নের চেষ্টা করে যাবে।
লিভারপুল সরে দাঁড়ানোয় কাজটা সহজ হবে সিটির। এছাড়া ডর্টমুন্ডের সঙ্গে তাদের সম্পর্ক আগে থেকেই ভালো। গত বছর জার্মান ক্লাবটি থেকে তারা কিনেছে গোলমেশিন আর্লিং হালান্ড ও ম্যানুয়েল আকাঞ্জিকে। এর মধ্যে হালান্ডের চুক্তির ক্ষেত্রে সিটির দৃষ্টিভঙ্গি পছন্দ হয়েছে ডর্টমুন্ডের। ইংলিশ ক্লাবটি দলবদল শুরুর আগেই তার ব্যাপারে পাকা কথা সেরে রাখে এবং এ নিয়ে ঘোষণা দেয়া হয়। বেলিংহামের ক্ষেত্রেও তেমনই করতে পারেন সিটিজেনরা। পেপ গার্দিওলার দল প্রাক-মৌসুম সফরে যাওয়ার আগেই বেলিংহামের চুক্তি সম্পন্ন হয়ে যেতে পারে।
ডর্টমুন্ডে বেলিংহামের সাবেক সতীর্থ হালান্ড আর তার ইংলিশ সতীর্থ জ্যাক গ্রিয়ালিশ উভয়ই চান, ইংলিশ তারকা যেন সিটিতে নাম লেখান।
এদিকে, ইএসপিএনকে এক সূত্র জানিয়েছে, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ চেষ্টা করে যাচ্ছে বেলিংহামকে রাজি করাতে। এরই মধ্যে মাদ্রিদের প্রতিনিধিরা বেলিংহামের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং তারা আশায় আছেন, হয়তো লা লিগা জায়ান্টদেরই বেছে নেবেন তরুণ এ খেলোয়াড়টি। টনি ক্রুস ও লুকা মডরিচের চুক্তির মেয়াদ এ মৌসুমেই শেষ হয়ে যাবে। তাই মিডফিল্ডের শক্তি বাড়াতে চায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
আবার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও তাকে নিয়ে খানিকটা আশাবাদী। রেড ডেভিলরা অবশ্য বার্সেলোনার ফ্রেংকি ডি ইয়াংকে দলে ভেড়াতেও আশাবাদী। ম্যানইউর ডাচ কোচ এরিক টেন হ্যাগ অবশ্য একজন খাঁটি স্ট্রাইকার কিনতে চান। ইএসপিএন।










