আগামী সপ্তাহেই দশম ফ্রেঞ্চ লিগ শিরোপার রেকর্ড ছুঁয়ে ফেলতে পারে
প্যারিস সেন্ট জার্মেই
(পিএসজি)। রোববার মার্সেইকে ২-১ গোলে হারিয়ে এ
মৌসুমে শিরোপার কাছাকাছি চলে গেছে প্যারিস জায়ান্টরা। এদিকে, উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার
ফাইনালে ভিলারিয়ালের কাছে হেরে বিদায় নিলেও জার্মান বুন্দেসলিগা জয়ের
দ্বারপ্রান্তে বায়ার্ন মিউনিখ। রোববার বাভারিয়ানরা ৩-০ গোলে আর্মিনিয়া
বিয়েলফেল্ডকে হারিয়েছে।
ঘরের মাঠে ম্যাচের ১২ মিনিটেই পিএসজিকে এগিয়ে দেন নেইমার। ৩১ মিনিটে
দুজে কালেতা-কার সমতা আনেন। যদিও প্রথমার্ধেই
আবারো ব্যবধান বাড়ায় পিএসজি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন
কিলিয়ান এমবাপ্পে। এছাড়া লিওনেল মেসি ও এমবাপ্পের দুটি গোল অফসাইডের কারণে বাতিল
করে দেয় ভিএআর।
প্যারিস জায়ান্টরা এ নিয়ে টানা তিন ম্যাচে জয় পেল। এতে ৩২ রাউন্ড শেষে
দ্বিতীয় স্থানধারী মার্সেইয়ের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপার সুবাস পাচ্ছে
মাউরিসিও পচেত্তিনোর দল। বুধবার আজার্সের মাঠে জিতলেই শিরোপা উত্সব করবেন নেইমার, এমবাপ্পে, মেসিরা।
ফ্রেঞ্চ লিগে সর্বোচ্চ ১০টি শিরোপা জিতেছে সেইন্ট এতিয়েন। আর ৯টি করে শিরোপা জিতে তাদের পরেই রয়েছে মার্সেই ও পিএসজি। উল্লেখ্য, পিএসজি তাদের ৯টি শিরোপার ৭টিই জিতেছে ২০১২ সালের পর। আর এতিয়েন সর্বশেষ শিরোপা জিতেছে ১৯৮১ সালে। লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিল।
এদিকে বুন্দেসলিগায় টানা দশম শিরোপার সুবাস পাচ্ছে বায়ার্ন মিউনিখ। ৩৪
রাউন্ডের এ লিগে ৩০ রাউন্ড শেষে ৭২ পয়েন্ট নিয়ে শিরোপার আরো কাছে বাভারিয়ানরা।
দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে তারা। আগামী শনিবার ঘরের
মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচেই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে টমাস
মুলার, বরার্ট লেভানডভস্কিদের।
বিবিসি










