বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ শনিবার রাতের ম্যাচে স্নায়ুক্ষয়ী লড়াইশেষে নোয়াখালী এক্সপ্রেসকে ১ উইকেটে হারিয়েছে সিলেট টাইটানস। এতে বিফলেই যায় নোয়াখালীর পেস বোলার মেহেদী হাসান রানার হ্যাটট্রিক। শুক্রবার রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হার দিয়ে এবারের মিশন শুরু করা সিলেট দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল। আর নবাগত নোয়াখালী হারের বৃত্তেই থাকল ।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ টাইটানসকে ১৪৪ রান টার্গেট ছুড়ে দেয় নোয়াখালী এক্সপ্রেস। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও মাজ সাদাকাত শূন্য রানে বিদায় নেয়ার পর মাহিদুল ইসলাম অঙ্কন (৫১ বলে ৬১*), জাকের আলী (১৭ বলে ২৯) ও সৈকত আলীর (২৯ বলে ২৪) ব্যাটে ভর করে ১৪৩ রানের পুঁজি পায় নোয়াখালী। সিলেটের খালেদ আহমেদ ২৩ রানে ৪টি ও সাইম আইয়ুব ২৫ রানে ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে সিলেট। সেখান থেকে পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ ৬৬ বলে ৮৩ রানের জুটি গড়ে দলকে রেসে রাখেন।
ইমনকে (৪১ বলে ৬০) বোল্ড করে এ জুটি ভাঙেন আফগান স্পিনার জাকির খান। এরপর ব্যাটিং বিপর্যয়। মাত্র ৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে হারের মুখে পড়ে সিলেট। এর মধ্যে রানার হ্যাটট্রিকের শিকার হন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।
১২৫ রানে অষ্টম উইকেট পতনের পর ইংলিশ ক্রিকেটার ইথান ব্রুকস ১৩ বলে ১৬ রান করে দলের সংগ্রহ ১৪২-এ নিয়ে আউট হয়ে যান। ১ উইকেট হাতে নিয়ে শেষ বলে ২ রানের প্রয়োজন পড়ে সিলেটের। সাব্বির হোসেন একটি ‘ওয়াইড’ দেয়ায় প্রয়োজন পড়ে ১ রান। শেষ বলে ‘লেগ বাই’ জয়সূচক রান তুলে নেয় সিলেট। গতকাল ৬৫ রান করেও দলকে জেতাতে না পারা ইমন আজ করলেন ৬০ রান। যদিও ২৩ রানে ৪ উইকেট শিকার করা সিলেটের পেসার খালেদ আহমেদ হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।









