শুরুতে ৪৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহ রিয়াদ ৭৭ রানের জুটি গড়ে সে চাপ কিছুটা সামলে নেন। ব্যক্তিগত ৭৬ রানে বিজয় ফিরলেও পঞ্চম উইকেটে আফিফ হোসনকে নিয়ে আবারো জুটি বড় করার চেষ্টা করেন মাহমুদউল্লাহ। কিন্তু দলীয় ১৭৩ রানের মাথায় রিচার্ড এনগারাভার বলে রিয়াদ বোল্ড হলে ভাঙে এ জুটি। ৬৯ বলে ৩৯ রান আসে তার ব্যাট থেকে। রিয়াদ আউট হওয়ায় ফের বিপাকে পড়েছে সফরকারীরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৬.২ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান। আফিফ ৩১ ও মেহেদী হাসান মিরাজ ১ রানে ব্যাট করছেন।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। এনিয়ে সিরিজে টস হারের হ্যাটট্রিক করেছে বাংলাদেশ।

একাদশে দুইটি পরিবর্তন নিয়ে নেমেছে সফরকারীরা। তাসকিন আহমেদ ও শরিফুলকে বাদ দিয়ে নেয়া হয়েছে মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসনকে। অন্যদিকে স্বাগতিক জিম্বাবুয়ে একাদশেেএকটি পরিবর্তন নিয়ে নেমেছে। অধিনায়ক রেগিস চাকাবাকে বিশ্রাম দেয়া হয়েছে। তার জায়গায় একাদশে যুক্ত হয়েছেন উইকেটকিপার-ব্যাটার ক্লিভে মাদানদে। দলের নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা।

তিন ম্যাচের সিরিজ আগেই ২-০ তে নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। আজ তাদের সামনে সুযোগ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার। অপর দিকে এটি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ৪০০তম ম্যাচ। জয় দিয়ে মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করার সুযোগ আছে অতিথিদের সামনে। সেসঙ্গে তামিম ইকবালের দলের জন্য এটি হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচও।