কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই রাফায়েল নাদালকে, সেমিফাইনালে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচকে ও ফাইনালে তৃতীয় বাছাই আলেকজান্ডার জেভেরেভকে হারিয়ে মাদ্রিদ ওপেন জিতলেন কার্লোস আলকারেজ! রোববার মাদ্রিদ ওপেনের ফাইনালে জার্মান তারকা জেভেরেভকে ৬-৩ ও ৬-১ গেমে হারান স্প্যানিশ উঠতি তারকা আলকারেজ। ১৯ বছর বয়সী খেলোয়াড়ের এটি দ্বিতীয় মাস্টার্স শিরোপা। এর আগে গত মাসে তিনি জিতেছেন মায়ামি মাস্টার্সের শিরোপা। সব মিলে, এটা আলকারেজের চতুর্থ শিরোপা। এই সাফল্যে তিনি আসন্ন ফ্রেঞ্চ ওপেনের আগেই উঠে যাবেন র্যাংকিংয়ের ছয় নম্বরে।
এর আগে ক্লে কোর্টের ইতিহাসে নাদাল-জোকোভিচকে একই প্রতিযোগিতায় কোনো প্রতিযোগী হারাতে পারেননি। এবার তা করে দেখালেন ষষ্ঠ বাছাই আলকারেজ। সঙ্গে মাদ্রিদ ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জেভেরেভকে উড়িয়ে দিলেন অনায়াসে।
গত বছর প্রথমবারের মাদ্রিদ ওপেন খেলেন আলকারেজ। এ বছর জিতে নিলেন ট্রফি। চ্যাম্পিয়ন হওয়ার পর আলকারেজ বলেছেন, এই খেলোয়াড়দের হারাতে পেরে দারুণ লাগছে। ইতিহাসের সেরা দুই খেলোয়াড়ের পর বিশ্বের তিন নম্বর জেভেরেভকে হারানো। তিনি একজন দুর্দান্ত খেলোয়াড়। আমি বলব এটাই আমার জীবনের সেরা সপ্তাহ। আমার বয়স ১৯ বছর, যখন আমি এক টানা দীর্ঘ ও কঠিন সব ম্যাচ খেলেছি। এরপরও আমি শারীরিকভাবে দারুণ অনুভব করছি।
এক বছর আগেও এটিপি র্যাংকিংয়ে ১২০ নম্বরে ছিলেন এই স্প্যানিশ খেলোয়াড়। বছরের ব্যবধানে তিনি এখন ছয় নম্বরে উঠে এসেছেন। মাদ্রিদ ওপেনে ১৯৯০ সালের পর শীর্ষ পাঁচের তিন খেলোয়াড়কে হারিয়ে শিরোপা জেতার রেকর্ড গড়লেন তিনি।
তবে এই মুহূর্তে নিজেকে সেরা খেলোয়াড় মানতে নারাজ আলকারেজ। পা মাটিতেই থাকছে তার। তিনি বলেন, র্যাংকিংয়ে এক নম্বরে রয়েছেন জোকোভিচ। আমি বার্সেলোনায় জিতিনি। মাদ্রিদে জোকোভিচ ও রাফাকে পরাজিত করে আমি নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় ভাবব করব, ব্যাপারটা এমন নয়। আমি মনে করি, আগামীকাল ৬ নম্বরে থাকব। আমার সামনে এখনো পাঁচজন সেরা খেলোয়াড় আছেন।
আলকারেজ আরো বলেন, গত বছর আমি প্রথমবারের মতো এমন অভিজ্ঞতার মধ্য গিয়েছি। সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলছি। মাস্টার্স ১০০০-এ খেলছি এবং অনেক কিছু শিখেছি। এখন বিষয়টা ভিন্ন। কোর্টে আত্মবিশ্বাসের সঙ্গে এটাই উপলব্ধি করে যাই, যেকোনো মুহূর্তে আমি জিততে পারব। এই প্রতিযোগিতা আমার কাছে আলাদা। কারাণ এটি আমি ৭-৮ বছর বয়স থেকেই দেখি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলে মাত্র তিন ম্যাচে হেরেছেন আলকারেজ। মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে নোভাক জোকোভিচকে ৬-৭ (৫), ৭-৫, ৭-৬ (৫) গেমে এবং কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালকে ৬-২, ২-৬ ও ৬-৩ গেমে হারান।
এদিকে, প্রথম আফ্রিকান খেলোয়াড় হিসেবে মাস্টার্স শিরোপা জয় করে ইতিহাস গড়লেন তিউনিসিয়ার ওনস জাবের। রোববার মাদ্রিদ ওপেনে নারী এককের ফাইনালে তিনি ৭-৫, ০-৬, ৬-২ গেমে হারান যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে।
রয়টার্স, বিবিসি










