ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়ায় এটাই বিশ্ব রেকর্ড।
আজ রোববার (২৬ মার্চ) সেঞ্চুরিয়ান টি-২০তে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে অবিশ্বাস্য ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। যার নেতৃত্বে ছিলেন জনসন চার্লস। মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করে নজির গড়লেন চার্লস। একটুর জন্য রক্ষা পায় আন্তর্জাতিক টি-২০ তে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড (ডেভিড মিলার, রোহিত শর্মার ৩৫ বলে সেঞ্চুরি)। তবে ক্রিস গেইলের দেশের ক্রিকেটারদের মধ্যে টি-২০ আন্তর্জাতিকে চার্লসই এখন দ্রতুতম সেঞ্চুরিয়ান।
দ্বিতীয় টি-২০ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ করে ৫ উইকেটে ২৫৮ রান। টি-২০র ইতিহাসে ক্যারিবিয়ানদের এটাই সর্বোচ্চ রানের ইনিংস। তিন নম্বরে ব্যাট করতে নেমে জনসন চার্লস করেন ৪৬ বলে ১১৮ রান। ১১টা ওভার বাউন্ডারি ও ১০টি বাউন্ডারি হাঁকান ৩৪ বছরের চার্লস। কেইল মেয়ার্স (২৭ বলে ৫১) ও রোমারিও শেফার্ডের (১৮ বলে ৪১ রান অপরাজিত) ব্যাটেও যেন আগুনের ফুলকি ফুটেছে।
২৫৯ রানের লক্ষ্যে খেলতে নামা দক্ষিণ আফ্রিকানদের ব্যাটে শুরু থেকেই ঝরল আগুন। ৪৪ বলে শতক হাঁকান কুইন্টন ডি কক। ২৮ বলে ৬৮ রান করেন হেনড্রিকস। শেষদিকে এইডেন মারক্রামের ২১ বলে ৩৮ ও ক্লাসেনের ৭ বলে ১৭ রানের ইনিংসে ৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।










