লিপজিগে শুক্রবার রাতে ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে নেদারল্যান্ডসকে হারালেই নকআউটের টিকিট নিশ্চিত হয়ে যেত ফ্রান্সের। তবে এ ম্যাচে উল্টো হারতে বসেছিল ফরাসিরা। ভাগ্যের সহায়তা নিয়ে শেষমেশ ড্র করতে সমর্থ হয় দিদিয়ের দেশমের দল। ডাচদের প্রতিরোধে নকআউটে ওঠার অপেক্ষা বাড়ল ফরাসিদের।
একাধিক গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ফ্রান্স। বিশেষ করে অভিজ্ঞ স্ট্রাইকার আতোয়াঁ গ্রিজম্যান দু-তিনটি সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। এরপর দ্বিতীয়ার্ধে ডাচদের হয়ে জাভি সিমন্স গোল করে বসেন। যদিও এই গোলটি বিতর্কিতভাবে বাতিল করে দেন রেফারি। ২১ বছর বয়সী খেলোয়াড়ের দূরপাল্লার শটে গোল হলেও ওই সময় ডেনজেল ডামফ্রাইজ বাধা সৃষ্টি করছিলেন ফরাসি গোলকিপারকে, ফলে রেফারি গোলটি বাতিল করেন। প্রথমে অন-ফিল্ড রেফারি, পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গোলটি বাতিল কেরন।
অস্ট্রিয়ার সঙ্গে আগের ম্যাচে আঘাত পেয়ে নাক ভেঙেছে বলে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেননি ফরাসি দলনায়ক কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে যোগ দেয়া এ ফরোয়ার্ডের অভাবে গতি কমে যায় সাবেক ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়নদের। ফলে জয় নিয়েও মাঠ ছাড়া হয়নি।
এই ড্রয়ের পরও ‘ডি’ গ্রুপ থেকে নকআউটে ওঠার ভালো সুযোগ রয়েছে ফ্রান্সের। নেদারল্যান্ডস ও ফ্রান্স উভয় দলের ঝুলিতে এখন সমান ৪ পয়েন্ট। পোল্যান্ডকে হারানোয় অস্ট্রিয়ার পয়েন্ট ৩। মঙ্গলবার নেদারল্যান্ডস খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে, ফ্রান্স মুখোমুখি হবে পোল্যান্ডের। এক পয়েন্ট পেলেই নকআউট পর্বে উঠে যাবে ফ্রান্স কিংবা নেদারল্যান্ডস।
শুক্রবার রাতে ‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। এ জয়টি অস্ট্রিয়াকে এখনো নকআউটের রেসে রেখেছে। তারা জিতে কিংবা ড্র করেও উঠতে পারে শেষ ষোলোয়।
এদিকে আজ ‘এ’ গ্রুপ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি, যারা এরই মধ্যে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে। এছাড়া হাঙ্গেরি খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। স্কটল্যান্ড ও হাঙ্গেরির সঙ্গে টানা দুই জয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে জার্মানরা। সুইজারল্যান্ড দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে নকআউটের কাছাকাছি পৌঁছে গেছে। হাঙ্গেরির সঙ্গে স্কটল্যান্ড বড় ব্যবধানে না জিতলেই সুইসরা পৌঁছে যাবে শেষ ষোলোয়।
২৪ দলের এ আসরে ৬টি গ্রুপ থেকে শীর্ষ ১২টি দল উঠে যাবে নকআউট পর্বে। তাদের সঙ্গে যুক্ত হবে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা চারটি। সব মিলিয়ে ১৬টি দল নকআউট পর্বে খেলবে।
ইউরোয় সর্বোচ্চ তিনবার করে শিরোপা জিতেছে জার্মানি ও স্পেন। এছাড়া ফ্রান্স শিরোপা পেয়েছে দুবার।










