বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাভিশন। আজ রোববার ফাইনালে ডিবিসি নিউজকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় বাংলাভিশন। ম্যাচের জয়সূচক গোলটি করেন আহমেদ সারোয়ার।

 

এর আগে দিনের শুরুতে প্রথম সেমিফাইনালে চ্যানেল টুয়েন্টি ফোর ও ডিবিসি নিউজের মধ্যকার নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পায় ডিবিসি নিউজ। দ্বিতীয় সেমিফাইনালে যমুনা টেলিভিশন ও বাংলাভিশন ১-১ গোলে ড্র করে। পেনাল্টি শ্যুটআউটে ৩-১ গোলে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাভিশন।

 

বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অতিথি ছিলেন সাবেক ফুটবল তারকা শেখ মোহাম্মদ আসলাম, কায়সার হামিদ প্রমুখ। উপস্থিত ছিলেন বিজেসির ট্রাস্টি সাইফ ইসলাম দিলাল, নির্বাহী (দপ্তর) পারভেজ রেজা, নির্বাহী (আন্তর্জাতিক সম্পর্ক) মাহফুজ মিশু, নির্বাহী সদস্য আবদুল্লাহ তুহিন, যুগ্ম নির্বাহী (বাণিজ্যিক প্রকল্প) হাসিব মাহমুদ শাহ্, নির্বাহী (ক্রীড়া) তারিকুল ইসলাম মাসুম ও যুগ্ম নির্বাহী মাহবুব জুয়েল।

 

ফাইনাল ম্যাচ শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। ম্যান অব দ্য ফাইনাল বাংলাভিশনের আহমেদ সারোয়ার, ম্যান অব দ্য টুর্নামেন্ট একই দলের মাহফুজুর রহমান, সর্বোচ্চ গোলদাতা ডিবিসি নিউজের তুষার কান্তি দাস এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের শরিয়তুল্লাহ।