দক্ষিণ আফ্রিকার পেসবান্ধব পিচে এবারের সফরে বিশেষভাবে আশা দেখাচ্ছিলেন পেস বোলার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এ দুজনই সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচে আজ জয়ের আশা দেখাচ্ছেন বাংলাদেশকে। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ৩১৪ রানের সৌধ গড়া বাংলাদেশকে এগিয়ে রেখেছেন তাসকিন ও শরিফুল। ১২১ রানের মধ্যেই স্বাগতিকদের চারটি উইকেট তুলে নিয়েছেন দুজন। এ প্রতিবেদন লেখার সময় প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৩১ রান, জিততে তখনো প্রয়োজন ছিল ২১ ওভারে ১৮৪ রান। ডাসি ফন ডার ডুসেন ৬৮ ও ডেভিড মিলার ৩ রানে ব্যাট করছিলেন।

 

এর আগে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও ইয়াসির আলীর হাফ সেঞ্চুরিতে ভর করে তিনশোর্ধ্ব সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশ। সাকিব ৬৪ বলে ৭৭ রান করেন ৭ বাউন্ডারি ও তিন ছক্কায়। এছাড়া তামিম ৬৭ বলে ৫০, ইয়াসির ৪৪ বলে ৫০ রান করেন। লিটন কুমার দাস ৬৭ বলে ৪১, মাহমুদউল্লাহ ১৭ বলে ২৫, মেহেদী হাসান মিরাজ ১৩ বলে ১৯ ও আফিফ হোসেন ১৩ বলে ১৭ রান করে দলের রান বড় হতে সাহায্য করেছেন।

 

১২৪ রানে তিন উইকেট পতনের পর সাকিব ও ইয়াসিরের মাত্র ৮২ বলে করা ১১৫ রানের জুটি বাংলাদেশ দলের বড় সংগ্রহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া ওপেনিং জুটিতে তামিম ও লিটনের ১৩০ বলে খেলা ৯০ রানও মহা মূল্যবান। কেননা তাদের গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়েই সংগ্রহটা বড় করেছেন সাকিবরা।

 

আগে তিন ম্যাচে মাত্র ১ রান করা ইয়াসির চতুর্থ ওয়ানডে ম্যাচে এসে পেলেন প্রথম হাফ সেঞ্চুরি। তাও দক্ষিণ আফ্রিকার মাটিতে ঝড়ো ব্যাটিং করে। ৪৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এই ডানহাতি ব্যাটার। ইনিংসটি সাজিয়েছেন চার বাউন্ডারি ও দুই ছক্কায়।