মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন মাত্র ১১৮ বলে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। এটা তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি। শান্তর সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেন মাহমুদুল হাসান জয়। দুজনের দুশোর্ধ্ব রানের পার্টনারশিপে শক্ত ভিত পেয়ে যায় স্বাগতিকরা। তার ওপর দাঁড়িয়ে আজ বুধবার প্রথম দিন ৭৯ ওভারে ৫ উইকেটে ৩৬২ রান তুলে নেয় বাংলাদেশ।
এটা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যে কোনো টেস্টের প্রথম দিন বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে ৩৭৪ রান তুলেছিল বাংলাদেশ, যা যেকোনো টেস্টের প্রথম দিন বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আজ পুরো ৯০ ওভার খেলা হলে নিশ্চিতভাবেই প্রথমদিনের সর্বোচ্চ সংগ্রহটা হয়ে যেত টাইগারদের।
টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দ্বিতীয় ওভারে জাকির হাসানকে হারায়। এরপর শান্ত ও জয় দুর্দান্ত ব্যাটিং করেন। তারা ২৬৭ বলে ২১২ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ১৩৭ বলে ৭৬ রান করে রহমত শাহর শিকার হন জয়। ততক্ষণে দলের সংগ্রহ ২১৮ রান। এরপর মুমিনুল হক খুব বেশি সময় সঙ্গ দিতে পারেননি শান্তকে। ২৫ বলে ১৫ রান করেন মুমিনুল। দুজন ৫০ বলে ৩৮ রান যোগ করেন বোর্ডে। ওপেনার জাকির হাসানের মতো মুমিনুলও উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন (২৫৬/৩)। দুজনকেই শিকার করেন নিজাত মাসুদ।
পরের পার্টনারশিপটা হলো আরো ছোট। ৩২ বলে ১৯ রান করে বিচ্ছিন্ন শান্ত ও মুশফিক জুটি। অবশ্য এখানে শান্তর ধৈর্যচ্যূতিই দায়ী। ১৪৪ রানে জীবন পাওয়া এই ব্যাটার সাজঘরে ফিরলেন আর মাত্র দুই রান যোগ করে (২৭১/৪)। স্পিনার আমির হামজার বলে নাসির জামালকে ক্যাচ দেন তিনি। ১৭৫ বলে ২৩ বাউন্ডারি ও দুই ছক্কায় ১৪৬ রান করেন শান্ত।
টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ঘটা লিটন এদিন হতাশ করেন ব্যাট হাতে। ১৫ বলে মাত্র ৯ রান করে সাজঘরে ফিরেছেন তিনি (২৯০/৫)। রিস্ট স্পিনার জাকির খানের বলে ইব্রাহিম জাদরানকে ক্যাচ দেন লিটন।
লিটনের বিদায়ের পর জুটি বাঁধেন মুশফিক ও মেহেদী হাসান মিরাজ। দুই ডানহাতি ব্যাটার মিলে ভোগাতে থাকেন অতিথি দলের বোলারদের। ১৫.৫ ওভারে ওভার খেলে ৭২ রান বোর্ডে যোগ করেন দুজন। তাতে দলের সংগ্রহটা চারশর দিকে এগোচ্ছে। মিরাজ ৬৬ বলে ৪৩ ও মুশফিক ৬৯ বলে ৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দুজনের ব্যাটে ভর করে কাল বৃহস্পতিবার বড় সংগ্রহের আশা নিয়েই মাঠে নামবে টাইগাররা।
২০১৯ সালে টেস্টে প্রথমবার দেখা হয় এই দুই দলের, যাতে বাংলাদেশকে বড় ব্যবধানে হারায় আফগানরা।










