অবশেষে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ৩৬তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রজার বিনি। সৌরভ গাঙ্গুলীর স্থালাভিষিক্ত হলেন বন্ধুদের কাছে রজার মাইকেল হামফ্রে বিনি হিসেবে পরিচিত এ সাবেক অলরাউন্ডার। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া।

আজ মঙ্গলবার মুম্বাইয়ে বার্ষিক সাধারণ বৈঠকে (এজিএম) আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ৬৭ বছর বয়সী রজার বিনি। এ ছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ টানা দ্বিতীয় মেয়াদের জন্য বিসিসিআই সেক্রেটারি পদে থাকছেন।

রজার বিনি শৈশব থেকেই খেলাধুলায় আগ্রহী ছিলেন। স্কুলে পড়াকালেই হকি, ফুটবলসহ অ্যাথলেটসের নানা শাখায় অংশ নিয়ে পরিচিত হয়ে ওঠেন তিনি।

স্কটিশ বংশোদ্ভূত অ্যাংলো-ইন্ডিয়ান রজার বিনি ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপে দূর্দান্ত বোলিংয়ের জন্য বিখ্যাত। সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন তিনি। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার জয়ের পথ প্রস্তুত করে দেন। এ ছাড়া ১৯৮৫ সালের ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ভারতের জয়ে বিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেইবার ১৭ উইকেট পুরেছিলেন নিজের ঝুলিতে।

ভারতীয় ক্রিকেট বোর্ডে এর আগেও ক্ষমতায় ছিলেন রজার বিনি। ২০১২ সালে নির্বাচন প্যানেলের সদস্য হিসেবে নিযুক্ত হন তিনি। কিন্তু ওই সময় নিজের ছেলের প্রতি পক্ষপাতিত্বের কারণে বিতর্কের জন্ম দেন।