মাহফিজুল ইসলামের সেঞ্চুরির পর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে কুয়েতকে ২২২ রানের বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশের যুবারা। এ নিয়ে টুর্নামেন্টে টানা দুই ম্যাচে জয় পেল রাকিবুল হাসানের দল। শুক্রবার একই মাঠে নেপালকেও বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

গতকাল শারজায় টস হেরে প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১১৯ বলে ১২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১১২ রানের ইনিংস খেলে দলের সংগ্রহ তিনশর কাছাকাছি নিয়ে যান ওপেনার মাহফিজুল। এরপর রিপন মণ্ডল ও মেহরাব হাসানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫.৩ ওভারে ৬৯ রানে গুটিয়ে যায় কুয়েত অনূর্ধ্ব-১৯ দল।

২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো জবাবই দিতে পারেনি কুয়েতের ব্যাটাররা। ৭৭ বলে ৪৩ রান করে কুয়েতের সর্বোচ্চ স্কোরার অধিনায়ক মীত ভাবসার। এছাড়া মির্জা আহমেদ করেন ২৭ বলে ১১ রান। আর কোনো ব্যাটারকে দুই সংখ্যার ঘরেও যেতে দেননি বাংলাদেশের বোলাররা। বোলারদের মধ্যে পেসার রিপন তিনটি, স্পিনার মেহরাব ও রাকিবুল দুটি করে উইকেট নেন।

এর আগে মাহফিজুল ছাড়াও বাংলাদেশের হয়ে ২৪ বলে ৪২ রান করেন মেহরাব হোসেন। এছাড়া আরিফুল ইসলাম ২৩, গাজী মোহাম্মদ তাহজিবুল ২৫ ও আইচ মোল্লা ২০ রান করেন। কুয়েতের হয়ে আব্দুল সাদিক তিনটি, মুহাম্মদ উমর ও হ্যানরি থমাস দুটি করে উইকেট নেন।

গতকাল দুবাইয়ে আরেক ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ২ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাটিং করে ২৩৭ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে পাকিস্তান শেষ বলের বাউন্ডারিতে জয় নিশ্চিত করে।

সংযুক্ত আরব আমিরাতকে ১৪১ রানে হারিয়েছে আফগানিস্তান। ১৯৫ রান তাড়া করতে নেমে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় আমিরাতিরা।