বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে গতকাল দুশর বেশি রান তাড়া করে সিডনি থান্ডারকে হারিয়েছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। আগে ব্যাট করে ডেভিড ওয়ার্নারের ঝড়ো সেঞ্চুরিতে ৪ উইকেটে ২০৫ রানের সৌধ গড়ে সিডনি। জবাব দিতে নেমে ১৩ বল বাকি থাকতে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট।
মাত্র ৬৫ বলে ১১টি চার ও ৯ ছক্কায় ১৩০ রানের হার না মানা ইনিংস খেলেন ওয়ার্নার। তার আগ্রাসী ব্যাটিংয়ের সামনে অসহায় ছিলেন হোবার্টের সব বোলারই। অবশ্য বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন উইকেট না পেলেও খুব বেশি মার খাননি। ৪ ওভারে ২৯ রান খরচ করেছেন তিনি। এরপর টিম ওয়ার্ড (৪৯ বলে ৯০), মিচেল ওয়েন (১৮ বলে ৪৫) ও নিখিল চৌধুরীর (১৪ বলে ২৯) ব্যাটে ভর করে রাজসিক এক জয় তুলে নেয় হোবার্ট। দল হারলেও ম্যাচসেরার পুরস্কার পান ওয়ার্নার। এই জয়ের পর ৭ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে যায় হোবার্ট।










