সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। তাই তিন ম্যাচের সিরিজে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। তারা ম্যাচ হারলেই সিরিজ জিতে নেবে লংকানরা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন নেই। বিপরীতে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। স্পিনার আকিলা ধনাঞ্জয়ার জায়গায় নেয়া হয়েছে পেসার দিলশান মাদুশঙ্কাকে।
আগের ম্যাচে অধিনায়ক শান্তসহ লিটন দাস, সৌম্য সরকার ও তাওহীদ হৃদয়রা দলকে হতাশ করেছিলেন। সিরিজ বাঁচানোর ম্যাচে নিশ্চয়ই তাদের কাছ থেকে ভাল ব্যাটিং প্রত্যাশা করবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। একইসঙ্গে বোলিং বিভাগের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানদেরও সমানভাবে ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ : আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।










