অস্ট্রেলিয়া ও ভারতের পর মাত্র তৃতীয় দল হিসেবে ওয়ানডেতে ৫০০ জয় তুলে নেয়ার কৃতিত্ব দেখাল পাকিস্তান। ২৭ এপ্রিল রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচে ফখর জামানের সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ডের ২৮৮ রান তাড়া করে ৫ উইকেটের জয় পায় বাবর আজমের দল। এটি ওয়ানডেতে তাদের ৫০০তম জয়।

১৯৭৩ সালে ওয়ানডে ক্রিকেটে যাত্রা পাকিস্তানের। সেই থেকে মোট ৯৪৯ ম্যাচ খেলে তারা ৫০০ জয় পেল। পাকিস্তান হেরেছে ৪২০ ম্যাচ, বাকিগুলো টাই হয়েছে কিংবা ফলহীন ছিল। 

অস্ট্রেলিয়া সর্বোচ্চ ৫৯৪টি ওয়ানডে ম্যাচ জিতেছে। তারা খেলেছে ৯৭৮টি ম্যাচ। ভারত সর্বোচ্চ ১ হাজার ২৯টি ওয়ানডে ম্যাচ খেলে জয় পেয়েছে ৫৩৯টি। 

এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ৪১১টি, দক্ষিণ আফ্রিকা ৩৯৯টি, শ্রীলংকা ৩৯৯টি, ইংল্যান্ড ৩৯২টি, নিউজিল্যান্ড ৩৬৮টি, বাংলাদেশ ১৪৯টি, জিম্বাবুয়ে ১৪৬টি, আয়ারল্যান্ড ৭৫টি, আফগানিস্তান ৭০টি ওয়ানডে ম্যাচ জিতেছে। 

এশিয়া একাদশ, আফ্রিকা একাদশ, আইসিসি বিশ্ব একাদশসহ এখন পর্যন্ত ওয়ানডে খেলেছে ২৬টি দেশ ও তিনটি একাদশ।