কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ওয়েস্ট ইন্ডিজকে এ ম্যাচ জিততেই হবে, এমন সমীকরণ মাথায় রেখে অ্যান্টিগায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে ক্যারিবীয়রা। দলের পক্ষে কেবল হাফ সেঞ্চুরি পেলেন রস্টন চেজ। বাকিদের কেউই রান করতে পারলেন না তেমন। দক্ষিণ আফ্রিকার সামনেও তাই বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি স্বাগতিকরা।
ব্যাট করতে নেমে শুরুটা যদিও সুন্দর হয়নি ক্যারিবিয়ানদের জন্য। প্রথম দুই ওভারেই দুই উইকেটের পতন দেখতে হয় তাদের। শাই হোপ ফিরেছেন গোল্ডেন ডাক মেরে। নিকোলাস পুরানও করেছেন হতাশ। ৩ বলে ১ রান তার। দুই উইকেটেই থাকছে মার্কো জানসেনের নাম। মার্করামের বলে পুরানের ক্যাচ নিয়েছিলেন। আর শাই হোপ আউই-ই হয়েছেন তার বলে।
ব্রেন্ডন কিং ইনজুরিতে ছিটকে গেলে তার বদলে এসেছিলেন কাইল মায়ার্স। সিলেকশন সঠিক ছিল তার প্রমাণ মিলেছে শুরু থেকেই। ৫ রানে ২ উইকেট হারানোর পর দলের ইনিংস মেরামতের কাজ করেছেন তিনি। যদিও সেটা ঠিক টি-টোয়েন্টিসুলভ ইনিংস ছিল না। তবুও, দায়িত্ব নিয়ে গড়েছেন ৮১ রানের বিশাল এক জুটি। ৩৫ রানের ইনিংস খেলেছেন। ছিল ৩ চার এবং ২ ছক্কার মার।
প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট শিকার করেন তাবরাইজ শামসি। ১টি করে উইকেট পেয়েছেন জানসেন, মার্করাম, কাগিসো রাবাদা এবং কেশভ মহারাজ।










