ইনিংসের শেষ ওভারে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বল তুলে দিয়েছিলেন ফাহিমা খাতুনের হাতে। এক ওভারেই তিনি দিলেন ২৯ রান! ৪ ছয় আর ১ চারে ২৮ রান নিয়েছেন নয় নম্বরে নামা অ্যালানা কিং। তাতেই অজি নারীদের স্কোর ১৪৬/৭ থেকে পৌঁছে যায় ২১৩/৭-এ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ পায় ২১৪ রানের টার্গেট। এই রান তাড়া করতে নেমে স্বাগতিক দল ৩৬ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে ১১৮ রানের বড় হারের লজ্জায় পড়ে।

 

অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার ২২ রানে তিনটি ও কিম গার্থ ২৬ রানে দুটি উইকেট নেন। বিস্ময়কর বোলিং করেছেন ব্যাটে ঝড় তোলার অ্যালানা কিং। তিনি ১০ ওভারে মাত্র ১২ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। ৬ ওভারে ৫ রান নিয়ে এক উইকেট নেন মেগান শুট। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে ম্যাচসেরা অ্যালানা কিং।   

 

এর আগে ম্যাচের শুরুতে ৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে ঘুরে দাঁড়ায় দলটি। অ্যানাবেল সাদারল্যান্ডের দারুণ এক ফিফটি, সঙ্গে গার্ডনারের ত্রিশ পেরোনো ইনিংসে ভর করে শেষদিকে রানের চাকা ঘুরিয়েছে সফরকারীরা। সেই সঙ্গে অধিনায়ক অ্যালিসা হিলির ২৪ ও বেথ মুনির ২৫ রানের দুই ইনিংস অজিদের দিয়েছে চ্যালেঞ্জিং এক স্কোর।

 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই নিজের প্রথম বলে সুলতানা খাতুন পেলেন উইকেটের দেখা। ইনফর্ম ফোবে লিচফিল্ডকে দারুণ সুইংয়ে বোকা বানান সুলতানা। অভিজ্ঞ এলিস পেরি থিতু হতে চেয়েছিলেন। ১০ বলে ২ রান করে তাকেও ফেরান সুলতানা। রাবেয়া খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ক্রিজে থেকে রানের গতি বাড়াচ্ছিলেন হিলি। ৩৯ বলে ২৪ রান করে তিনি যখন স্বাগতিকদের চিন্তার কারণ হচ্ছিলেন তখন তাকে ফেরালেন দেননি মারুফা। উইকেটের পেছনে জ্যোতিকে ক্যাচ দেন হিলি।

 

সহ-অধিানয়ক নাহিদা আক্তার আক্রমণে এসে ফেরান তালিয়া ম্যাকগ্রাকে। দারুণ এক সুইংয়ের ফলে পরাস্ত এই ব্যাটার। লেগবিফোরে ফিরতে হয় সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়কে। এরপরেই অবশ্য গার্ডনারকে নিয়ে বড় জুটি গড়েন অভিজ্ঞ মুনি। অভিজ্ঞ এই ক্রিকেটার অবশ্য খেলেছেন ধীরগতির এক ইনিংস। খানিক সময় নিয়ে আক্রমণাত্মক হতে চেয়েছিলেন। তবে সেখানেও বাধা হয়েছেন বাংলাদেশের বোলাররা। ফাহিমার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। যাওয়ার আগে গার্ডনারের সঙ্গে গড়েছেন ৩০ রানের জুটি।

 

৭৮ রানে ৫ উইকেটের পতন থেকে অজিদের ঘুরে দাঁড়ানো শুরু। গার্ডনার ও জর্জিয়া ওয়্যারহ্যাম দুজনের সঙ্গেই ৩৪ রানের জুটি গড়েছেন অ্যানাবেল। গার্ডনার ৩২ করে ফেরেন নাহিদার বলে। স্ট্যাম্পিংয়ে তাকে ফেরান জ্যোতি। আর ওয়্যারহ্যাম ফিরেছেন স্বর্ণার বলে। স্লিপে চোখে পড়ার মতো ক্যাচ নিয়েছিলেন রাবেয়া।

 

এরপর সাদারল্যান্ড (৭৬ বলে ৫৮) ও অ্যালানা (৩১ বলে ৪৬) অবিশ্বাস্য ব্যাটিংয়ে চিত্রটাই পাল্টে দিলেন। ৫৬ বলে ৬৭ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ গড়ে বাংলাদেশের কাজটা কঠিন করে দেন এ দুজন। বাংলাদেশের পক্ষে নাহিদা ও সুলতানা ২টি করে উইকেট পেয়েছেন। মারুফা, ফাহিমা ও স্বর্ণা নেন একটি কর উইকেট।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ২৭ রানে ২ উইকেট নিয়ে সালমা খাতুনকে টপকে গেলেন নাহিদা আক্তার। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট এখন ২৪ বছর বয়সী বাঁহাতি স্পিনারের। ৪১ ম্যাচের ৩৯ ইনিংসে নাহিদার ঝুলিতে এখন ৫৩ উইকেট। ৪৪ ইনিংসে ৫১ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন সালমা।

 

মিরপুরে রোববার দ্বিতীয় ও বুধবার তৃতীয় ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হবে দুই দল।