ইংলিশ প্রিমিয়ার লিগে আজ লিভারপুলের সঙ্গে ম্যানচেস্টার সিটির আগুনে ম্যাচ। এ ম্যাচের আগে ইংলিশ মিডফিল্ডার ফিল ফডেনকে নতুন চুক্তিতে সই করিয়ে সমর্থকদের খুশির খবরই দিলেন সিটি ম্যানেজমেন্ট। ২০২৭ সাল পর্যন্ত সিটির হয়ে খেলতে নতুন চুক্তিতে সই করেন তিনি। তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সাল পর্যন্ত। এখন আরো তিন বছরের জন্য তা নবায়ন করা হলো।
এদিকে আজ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল ও সিটি। দুই দলের অবস্থান এবার দুই মেরুতে। বর্তমান লিগ চ্যাম্পিয়ন সিটি ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে, আর লিভারপুল ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে।
গত পাঁচটি প্রিমিয়ার লিগ মৌসুমে চারবারই শিরোপা জিতেছে ম্যানসিটি। ২০১৯-২০ মৌসুমে সিটিকে ১৮ পয়েন্টে হারিয়ে শিরোপা জয় করে লিভারপুল।










