প্যারিস অলিম্পিকে ছেলেদের বাস্কেটবলে স্বর্ণ জিতল যুক্তরাষ্ট্র। শনিবার রাতে বার্কি অ্যারেনায় স্টিফেন কারি ২৪ পয়েন্ট স্কোর গড়লে ৯৮-৮৭ পয়েন্টের ব্যবধানে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে দেন আমেরিকান সুপারস্টাররা। জয় শেষে দলটির কোচ স্টিফ কের বলেন, বাস্কেটবলে যুক্তরাষ্ট্র রৌপ্য জিতলে লজ্জিত হয় তাদের সমর্থকরা!

 

স্টিফেন কারি ২৪ পয়েন্ট স্কোর গড়লে ৯৮-৮৭ পয়েন্টের ব্যবধানে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে দেন আমেরিকান সুপারস্টাররা। অলিম্পিক বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের ছেলেরা টানা পঞ্চম ও সব মিলে ১৭তম স্বর্ণপদক জিতল।

 

ফাইনালে কারি শেষ তিন মিনিটে চারটি ‘থ্রি পয়েন্টার’ স্কোর গড়েন। সর্বশেষটি যখন করেন তখন স্কোর দাঁড়ায় ৯৬-৮৭ এবং খেলা মাত্র ৩৫ সেকেন্ড বাকি। ওই সময় দুই হাতে মুখ ঢেকে তিনি ‘ঘুমাতে যাও’ বলেন ইঙ্গিত করেন।

 

জয় শেষে অনুভুতি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের কোচ স্টিভ কের বলেন, ‘আমি মনে করি, বিশ্বে আমরা একমাত্র দল যারা রৌপ্য পদক জিতলে সমর্থকরা লজ্জিত হয়। এই চাপের মুখে থাকি আমরা। তবে আমাদের খেলোয়াড়রা, আপনারা কারিকে দেখেছেন, তারা চাপ নিতে ভালোবাসে। এই আবহকে তারা স্বাগত জানায় এবং আজ দুর্দান্ত খেলেছে।’

 

আমেরিকান স্টার কেভিন ডুরান্ট প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিকে চারটি স্বর্ণপদক জয়ের কীর্তি গড়লেন। তিনি ফাইনালে ১৫ পয়েন্ট এনে দেন দলকে, আর অধিনায়ক লেব্রন জেমস করেন ১৪ পয়েন্ট।

 

এ নিয়ে চারবার অলিম্পিকে রৌপ্য জিতল ফ্রান্স এবং প্রতিবারই ফাইনালে তারা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে। ১৯৪৮, ২০০০, ২০২০ সালের পর এবার হারল নিজেদের মাঠে। হারের পর কেঁদেছেন ফ্রান্সের ২০ বছর বয়সী ভিক্টর ওয়েম্বানিয়ামা। এ সময় তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন কেভিন ডুরান্ট। দুজন কিছুক্ষণ কথাও বলেন।

 

আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মেয়েরা বাস্কেটবলে নবম অলিম্পিক স্বর্ণের লক্ষ্যে খেলবে ফ্রান্সের বিপক্ষে।