বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের ফাইনালে কুমিল্লার সঙ্গী হবে কে, তা চূড়ান্ত করতেই আজ মাঠে নামছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স আর নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় কোয়ালিফায়ার-২ তে ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন তারা।
দ্বিতীয় কোয়ালিফায়ারের দুই দলের মুখোমুখি লড়াইয়ের পাল্লাও ভারী রংপুরের দিকে। লিগ পর্বে স্রেফ তিন ম্যাচ হেরেছে সিলেট। এর দুইটি ছিল রংপুরের বিপক্ষে। দুই ম্যাচেই সিলেটকে অনায়াসে হারায় ২০১৭ সালের চ্যাম্পিয়নরা।
নিজেদের ঘরের মাঠে খেলতে গিয়ে প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে স্রেফ ৯২ রানে থামে সিলেটের ইনিংস। ২৬ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় রংপুর। মিরপুরে ফিরতি ম্যাচে সিলেটের করা ১৭০ রান স্রেফ ২ উইকেট হারিয়ে ১৮ ওভারেই টপকে যায় নুরুল হাসান সোহানের দল। অবশ্য এটিকে বাড়তি সুবিধা হিসেবে দেখতে নারাজ রংপুরের প্রধান কোচ সোহেল ইসলাম। তিনি জানান, এলিমিনেটর ম্যাচে পাওয়া জয়টিই মূলত অনুপ্রেরণা জোগাচ্ছে তার দলে। প্রথম পর্বের সঙ্গে শেষ চারের পার্থক্য অনেক। সিলেটের সঙ্গে দুইটি ম্যাচ জিতেছি, অবশ্যই ভালো বিষয়। তবে এখন পরিস্থিতি পুরোপুরি ভিন্ন।
এদিকে, জয়ের ব্যাপারে আশাবাদী সিলেটের সহকারী কোচ সৈয়দ রাসেল। এক ভিডিওবার্তায় তিনি বলেন, রংপুর সিলেটকে দুটি ম্যাচে হারিয়েছে। তাই বলে পরের ম্যাচেও হারাবে, এটা বলা যায় না। হয়তো তারা আত্মবিশ্বাসী। কিন্তু এটা টি ২০। যারা ভালো করবে তারাই জিতবে। তিনি বলেন, ‘আমাদের দলে হয়তো একটা গ্যাপ তৈরি হয়েছে। আমরা আগে হারলেও এখন ভালো অবস্থায় আছি। জয়ের আশা করছি।’










