টোকিওতে
ডাইভিংয়ে আটটির মধ্যে সাতটি স্বর্ণ জিতে নেয় চীন। এবার প্যারিস অলিম্পিকে আটটির সবগুলো
জিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে দেশটি। এই পথে বেশ খানিকটা এগিয়েও গেল তারা। প্যারিস
অলিম্পিকে ডাইভিংয়ে দুটি ইভেন্টের নিষ্পত্তি হয়েছে, দুটিতেই চীন স্বর্ণ জিতে নিয়েছে।
আজ (২৯ জুলাই) তৃতীয় দিন ছেলেদের ১০ মিটার সিনক্রোনাইজড প্লাটফর্ম ইভেন্টে চীনকে স্বর্ণ
পদক এনে দিয়েছেন চীনের লিয়ান জুনজিয়ে ও ইয়াং হাও। প্যারিসে এটা ডাইভিংয়ে চীনের দ্বিতীয়
স্বর্ণ। মেয়েদের ইভেন্টেও শ্রেষ্ঠত্ব দেখায় চীন।
টানা
তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন লিয়ান জুনজিয়ে ও ইয়াং হাও আজ প্যারিসের পুলে ৪৯০.৩৫ পয়েন্ট
স্কোর গড়ে স্বর্ণ জিতে নেন। তারা একাধিক ডাইভে ‘পারফেক্ট টেন’ পেয়েছেন এবং কোনোটিতেই
৮-এর কম পাননি।
২০০০
সালে অলিম্পিক ডাইভিং ইভেন্টের সংখ্যা দ্বিগুণ করে আট করা হয়। সেই থেকে এখন পর্যন্ত
৫০টি ইভেন্টের মধ্যে ৪০টি স্বর্ণ জিতেছে চীন। তিন বছর আগে টোকিওতে ব্রিটেনের টম ড্যালে
ও ম্যাট লি স্বর্ণ জিতে নিলেন শুধুই ওই একটি ইভেন্টে ব্যর্থ হয় চীন। এবার ৩০ বছর বয়সী
ড্যালে ও ২৪ বছর বয়সী নোয়াহ উইলিয়ামস রৌপ্য
নিয়ে সন্তুষ্ট থাকেন। তারা দুজন পেয়েছেন ৪৬৩.৪৪ পয়েন্ট। ৪২২.১৩ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ
পান কানাডার রাইলান উইয়েনস ও নাথান সম্বার-মারে।
রৌপ্য
জিতেই খুশি ড্যালে ও উইলিয়ামস। এটা ড্যালের পঞ্চম অলিম্পিক পদক।
এদিকে, ডাইভিংয়ের এই স্বর্ণ নিয়ে আজ প্যারিসের সময়
দুপুরে টেবিলের শীর্ষে উঠে যায় চীন। ৫টি স্বর্ণসহ তাদের পদকসংখ্যা ছিল ৯। জাপান, দক্ষিণ
কোরিয়া ও অস্ট্রেলিয়ার স্বর্ণসংখ্যা ছিল ৪টি করে।










