ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে গতকাল সিউলে প্রীতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার জালে গোল উৎসব করেছে ব্রাজিল। ৫০ মিনিটের মধ্যেই স্বাগতিকদের জালে চারবার বল পাঠায় সেলেসাওরা। পরে অতিথিরা করেছে আরো এক গোল। সব মিলিয়ে কার্লো আনচেলত্তির দল জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে।
প্রথম চার গোলের মধ্যে দুটি গোল করেন চেলসি তারকা এস্তেভাও। ম্যাচের ১৩ মিনিটে প্রথম ও ৪৭ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। ১৮ বছর বয়সী এস্তেভাও এ নিয়ে ব্রাজিলের জার্সিতে ৩ ম্যাচ খেলে ৩ গোল করলেন। স্বভাবতই তাকে নেইমারের সহজাত উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড রদ্রিগো করেন জোড়া গোল। ৪১ ও ৪৯ মিনিটে দুটি গোল করেন তিনি। ৭৭ মিনিটে পঞ্চম গোলটি করেন রিয়াল মাদ্রিদের আরেক তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
১৪ অক্টোবর টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে স্বাগতিক জাপানের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।










